দেশের উপকূলীয় অঞ্চলের সামুদ্রিক শুঁটকিতে মিলল মাইক্রো প্লাস্টিক

দেশের চারটি উপকূলীয় অঞ্চলে বাণিজ্যিকভাবে বিক্রয় হওয়া সামুদ্রিক শুঁটকির প্রতিটি নমুনায় মাইক্রো প্লাস্টিক কণার উপস্থিতি শনাক্ত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। সুন্দরবন, কুয়াকাটা, টেকনাফ ও কক্সবাজার থেকে সংগ্রহ করা শুঁটকির ওপর পরিচালিত এই গবেষণার ফলাফল ১৫ অক্টোবর ‘মেরিন পলিউশন বুলেটিন’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে। গবেষণায় লইট্টা, রূপচাঁদা গোত্রের জোয়ার মাছ, চুলা মাছ, পোয়া মাছ, বাগদা চিংড়ি ও হরিণা চিংড়ি—এই ছয় প্রজাতির সামুদ্রিক মাছ ও চিংড়ি পরীক্ষা করা হয়।

গবেষণার তথ্য অনুযায়ী, প্রতি গ্রাম শুকনো শুঁটকিতে ০.২৫ থেকে ১.৩০টি ক্ষুদ্র প্লাস্টিক কণা পাওয়া গেছে। অঞ্চলভেদে গড় হিসাব করলে সুন্দরবনের শুঁটকিতে প্রতি গ্রামে সর্বোচ্চ ০.৯১টি এবং টেকনাফের শুঁটকিতে সর্বনিম্ন ০.৫৭টি কণা শনাক্ত হয়েছে। তবে গবেষকরা জানিয়েছেন, এই চার অঞ্চলের দূষণের মাত্রায় পরিসংখ্যানগতভাবে উল্লেখযোগ্য কোনো পার্থক্য পাওয়া যায়নি। অর্থাৎ, কোনো একটি অঞ্চলকে অন্যগুলোর চেয়ে বেশি দূষিত হিসেবে চিহ্নিত করার মতো প্রমাণ মেলেনি।

পরীক্ষাগারে বিশেষ আলোক বিশ্লেষণ পদ্ধতিতে সাত ধরনের প্লাস্টিক শনাক্ত করা হয়েছে, যার মধ্যে ৩০ দশমিক ৪৯ শতাংশ পলিথিন এবং ২৪ দশমিক ৩৯ শতাংশ পলিপ্রোপিলিন। উদ্ধার হওয়া কণাগুলোর মধ্যে সুতার মতো আঁশ সবচেয়ে বেশি ছিল। এছাড়া উল্লেখযোগ্য হারে নীল ও কালো রঙের কণার উপস্থিতি দেখা গেছে। অঞ্চলভেদে প্লাস্টিকের ঝুঁকি সূচকেও পার্থক্য দেখা গেছে; যেখানে সুন্দরবন অঞ্চলে পলিমার ঝুঁকি সূচক ৮৬ দশমিক ৭, সেখানে কুয়াকাটায় তা বেড়ে ২ হাজার ৬৪২ দশমিক ৭-এ দাঁড়িয়েছে।

গবেষকদের মতে, সামুদ্রিক পরিবেশের পাশাপাশি শুঁটকি শুকানো, প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণের সময়ও এই দূষণ ঘটছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। মাইক্রোপ্লাস্টিক বলতে সাধারণত পাঁচ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে বোঝায়, যা পানি, মাটি ও সামুদ্রিক পরিবেশের মাধ্যমে খাদ্যশৃঙ্খলে প্রবেশ করতে পারে। তবে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের তথ্য অনুযায়ী, খাবারে মাইক্রোপ্লাস্টিক থাকলেই তা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর—এমন সিদ্ধান্তে পৌঁছানোর মতো পর্যাপ্ত বৈজ্ঞানিক প্রমাণ এখনো নেই। তাই শুঁটকির মাধ্যমে মানুষের শরীরে কী পরিমাণ প্লাস্টিক প্রবেশ করছে এবং এর দীর্ঘমেয়াদী প্রভাব কী হতে পারে, তা জানতে আরও গবেষণার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।