জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় গতকাল বুধবার ঢাকার হেমায়েতপুর থেকে ভাটারা, বিমানবন্দর থেকে কমলাপুর এবং গাবতলী থেকে দাসেরকান্দি পর্যন্ত তিনটি পথে মেট্রোরেল নির্মাণ প্রকল্পের ব্যয় বৃদ্ধি ও নতুন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এই তিন প্রকল্পের মোট ব্যয় দাঁড়িয়েছে আড়াই লাখ কোটি টাকা। মেট্রোরেলের মূল আয় আসে ভাড়া থেকে, তাই বিপুল পরিমাণ অর্থ তুলতে হলে ভাড়া অনেক বেশি নির্ধারণ করতে হবে। অন্যথায় ঋণ পরিশোধের জন্য সরকারকে বড় ধরনের ভর্তুকি দিতে হবে, যা সামগ্রিক অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করবে।
মেট্রোরেল আইন ২০১৫-এ গণপরিবহনটির উদ্দেশ্য হিসেবে ‘জনসাধারণকে স্বল্প ব্যয়ে দ্রুত ও উন্নত গণপরিবহনসেবা প্রদান’-এর কথা বলা হয়েছে। আইনের একটি ধারায় ভাড়া নির্ধারণের ক্ষেত্রে পরিচালনার ব্যয় ও জনসাধারণের আর্থিক সামর্থ্যের বিষয়টি বিবেচনার নির্দেশ রয়েছে। তবে জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে উত্তরা-মতিঝিল পথে যে ভাড়া নির্ধারণ করা হয়েছিল, তা পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বেশি। বর্তমানে এই পথে সর্বনিম্ন ভাড়া ২০ টাকা এবং শেষ পর্যন্ত ৯০ টাকা, যা ঢাকার বাসের ভাড়ার তুলনায় অনেক বেশি। অথচ মেট্রোরেলের সমান দূরত্বে বাসে ভ্রমণ করলে সরকার নির্ধারিত ভাড়া ৫০ টাকা এবং বাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা। যদিও মেট্রোরেল শীতাতপনিয়ন্ত্রিত, তবুও এটি স্বল্প ব্যয়ের গণপরিবহন হিসেবে সাধারণ মানুষের নাগালের বাইরে রয়ে গেছে।
একনেকে অনুমোদিত তিনটি প্রকল্পের আওতায় পাতাল ও উড়াল মিলে মোট ৬৪ দশমিক ৪৪ কিলোমিটার মেট্রোরেল পথ নির্মাণ করা হবে। তিন প্রকল্পে গড়ে কিলোমিটারপ্রতি নির্মাণ ও ট্রেন চালুর ব্যয় ৩ হাজার ৮৭৬ কোটি টাকা। এর বিপরীতে ২০১২ সালে নেওয়া উত্তরা-মতিঝিল প্রকল্পের প্রতি কিলোমিটারে ব্যয় ছিল ১ হাজার ৫৮৪ কোটি টাকা, যা কয়েক দফা ব্যয় বৃদ্ধির পর এই পর্যায়ে পৌঁছেছে। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এশিয়ার বিভিন্ন দেশের মেট্রোরেল প্রকল্পের ব্যয় বিশ্লেষণ করে দেখেছে, জমি অধিগ্রহণ ও বেতন-ভাতা বাদ দিয়ে ভারতে প্রতি কিলোমিটার মেট্রোরেল নির্মাণে ব্যয় হয়েছে ১৫০ থেকে ৪৫০ কোটি টাকা।
জাইকার ঋণে বাস্তবায়নাধীন দুটি প্রকল্পের ব্যয় প্রায় ২ লাখ ৪ হাজার কোটি টাকা এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে অন্য প্রকল্পের ব্যয় ধরা হয়েছে সাড়ে ৪৫ হাজার কোটি টাকা। সরকারের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, গতকালের একনেক বৈঠকে জাইকার ঋণের দুটি প্রকল্প আলোচ্যসূচিতে প্রথমে ছিল না। লাইন-৫ দক্ষিণের কিলোমিটারপ্রতি ব্যয় তুলনামূলক কম হওয়ায় সেটিকে আগে অনুমোদন দিলে অন্য প্রকল্পগুলোর ব্যয় নিয়ে প্রশ্ন ওঠার আশঙ্কায় তিনটি প্রকল্প একসঙ্গে অনুমোদন দেওয়া হয়েছে।
মেট্রোরেলের আয় বিশ্লেষণ করলে দেখা যায়, ২০২২ সালের ২৯ ডিসেম্বর চালুর পর ২০২২-২৩ অর্থবছরে আয় ছিল ২২ কোটি টাকার বেশি। ২০২৩-২৪ অর্থবছরে টিকিট বিক্রি থেকে আয় হয় প্রায় ২৪৪ কোটি টাকা এবং সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরে এই আয় ছিল প্রায় ৪০০ কোটি টাকা। সব মিলিয়ে যাত্রীভাড়া থেকে আয় ৬৬৬ কোটি টাকা। এর বাইরে দোকানভাড়া ও বিজ্ঞাপন থেকে বছরে প্রায় ২০ কোটি টাকা আয় হয়। তবে ডিএমটিসিএল সূত্র জানায়, গত অর্থবছরে বেতন-ভাতা ও বিদ্যুৎসহ অন্যান্য খাতে ১০০ কোটি টাকার বেশি খরচ হয়েছে। এছাড়া জানুয়ারি থেকে ঠিকাদারের রক্ষণাবেক্ষণ খরচ নিজেদের বহন করতে হচ্ছে, যা ভবিষ্যতে ব্যয় আরও বাড়াবে।
ঋণ পরিশোধের চাপও বাড়ছে। উত্তরা-কমলাপুর প্রকল্পের জন্য জাইকার কাছ থেকে ১৯ হাজার ৭১৮ কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে, যা ৩০ বছরে সুদ-আসলে পরিশোধ করতে হবে। ২০২৩ সালের জুন থেকে কিস্তি পরিশোধ শুরু হয়েছে এবং চলতি বছরে প্রায় ৪৬৫ কোটি টাকা দিতে হবে। ২০৩০-৩১ সাল পর্যন্ত কিস্তি হিসেবে ৩ হাজার ৭০০ কোটি টাকার বেশি পরিশোধ করতে হবে। এছাড়া নতুন দুটি প্রকল্পের জন্য জাইকা থেকে দেড় লাখ কোটি টাকা এবং অন্য প্রকল্পের জন্য এডিবি ও দক্ষিণ কোরিয়া থেকে প্রায় ৩৫ হাজার কোটি টাকা ঋণ নেওয়া হচ্ছে।
সড়ক পরিবহন মন্ত্রণালয় ও ডিএমটিসিএলের কর্মকর্তাদের মতে, জাইকার ঋণের শর্তের কারণে জাপানি ঠিকাদাররা বাড়তি সুবিধা পায় এবং আন্তর্জাতিক উন্মুক্ত প্রতিযোগিতা তৈরি করা কঠিন হয়। এমআরটি লাইন-১-এর পাতালপথ নির্মাণে জাপানি প্রযুক্তি ‘ওয়ান-পাস জয়েন্ট’ পদ্ধতি বাধ্যতামূলক করা হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ব্যয় নিয়ে জাইকার সঙ্গে আলোচনা করলেও তারা দরপত্র উন্মুক্ত করতে রাজি হয়নি। বুয়েটের অধ্যাপক সামছুল হক বলেন, এই ব্যয় প্রস্তাব নিঃসন্দেহে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ। তিনি বলেন, সম্ভাব্যতা যাচাইয়ে যে পথটি সবচেয়ে লাভজনক হওয়ার কথা ছিল, সেখানেও ব্যয় তোলা যাচ্ছে না। জাইকার ঋণ, জাপানি প্রযুক্তি ও ঠিকাদার—সব মিলিয়ে এই প্রকল্পগুলো দেশের অর্থনীতির ওপর বড় ঋণের বোঝা হয়ে দাঁড়িয়েছে।

