হামের টিকার অনিয়ম তদন্তে সাবেক বিচারপতির নেতৃত্বে ৩ সদস্যের কমিশন

হামের টিকা কেনাকাটা ও বিতরণে বিলম্ব, অনিয়ম এবং প্রশাসনিক ব্যর্থতার ফলে জনস্বাস্থ্যে সৃষ্ট বিরূপ প্রভাবের অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিশন গঠন করেছে সরকার। বুধবার (৪ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। গঠিত এই কমিশন ২০২৪ সালের ৮ আগস্ট থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্বে থাকা অন্তর্বর্তীকালীন সরকারের দায়-দায়িত্ব নির্ধারণ করবে।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মামনুন রহমানকে তদন্ত কমিশনের সভাপতি করা হয়েছে। কমিশনের অন্য দুই সদস্য হলেন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) সভাপতি অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর এবং স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব এ এন এম মঈনুল ইসলাম।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, হামের টিকা সংগ্রহ ও সরবরাহে অনিয়ম, বিলম্ব এবং প্রশাসনিক ব্যর্থতার মূল কারণ ও কার কী দায় ছিল, তা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করবে এই কমিশন। ভবিষ্যতে যেন এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও সুপারিশমালা সরকারের কাছে পেশ করবে তারা। এর পাশাপাশি সংশ্লিষ্ট অন্য যেকোনো বিষয়ে সুপারিশ করার এখতিয়ারও রাখা হয়েছে গঠিত কমিশনের হাতে।

কমিশনকে কাজের পূর্ণ স্বাধীনতা দিয়ে দেশের যেকোনো স্থানে সরেজমিনে পরিদর্শনের অনুমতি দেওয়া হয়েছে। তদন্তের সুবিধার্থে যেকোনো ব্যক্তিকে তলব করা এবং জিজ্ঞাসাবাদ করার ক্ষমতাও কমিশনের ওপর ন্যস্ত করা হয়েছে। প্রজ্ঞাপন প্রকাশের তারিখ থেকে পরবর্তী ৬০ কার্যদিবসের মধ্যে আনুষ্ঠানিকভাবে তদন্তকাজ শেষ করে সরকারের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

স্বাস্থ্য সেবা বিভাগ এ কমিশনকে সাচিবিক সহায়তাসহ প্রয়োজনীয় সব ধরনের অবকাঠামোগত ও প্রশাসনিক সহযোগিতা প্রদান করবে। এছাড়া কমিশনের সার্বিক ব্যয় নির্বাহ এবং তদন্তের কাজ পরিচালনায় সহায়তা করার উদ্দেশ্যে স্বাস্থ্য সেবা বিভাগ কিংবা এর অধীনস্থ বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তাকে নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হবে।