শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীর আনন্দ ভাগাভাগি করতে রাজধানীর বিভিন্ন পূজামণ্ডপে ভক্ত ও দর্শনার্থীদের ঢল নেমেছে। পরিবার, বন্ধু ও স্বজনদের নিয়ে মণ্ডপে মণ্ডপে ভিড় করছেন মানুষ। প্রতিমা দর্শন, প্রার্থনা, ছবি তোলা এবং ঢাকের তালে নাচের মাধ্যমে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে সর্বত্র।
এ বছর সপ্তমীর তিথি দুই দিনে পড়ায় গতকাল মহাসপ্তমী উদ্যাপিত হয়েছে। তবে পুরোহিত অবিনাশ চক্রবর্তী জানিয়েছেন, অনেক মণ্ডপেই মহাসপ্তমীর পূজার আচার শনিবারই শেষ করা হয়েছে। খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মণ্ডপেও শনিবার সপ্তমী পূজা সম্পন্ন হয়েছে।
বিকেল থেকে কৃষিবিদ ইনস্টিটিউশনের মণ্ডপে দর্শনার্থীদের ভিড় দেখা যায়। কেউ রিকশা, সিএনজি, ব্যক্তিগত গাড়ি বা মাইক্রোবাসে করে আসছেন, আবার অনেকে ফার্মগেট মেট্রোস্টেশনে নেমে হেঁটে মণ্ডপে প্রবেশ করছেন। মণ্ডপে ঢুকে অনেকেই মা দুর্গার সামনে প্রণাম করছেন, প্রণামি দিচ্ছেন এবং কিছুক্ষণ দাঁড়িয়ে প্রার্থনা করছেন। অনেকে পরিবারের সদস্যদের সঙ্গে ছবি ও সেলফি তুলছেন। সাউন্ড সিস্টেমে পূজার গানের তালে শিশুদের নাচতে দেখা যায়।
সন্ধ্যার পর ঢাকের বাদ্য শুরু হলে উৎসবের আমেজ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। ঢাকের তালে দর্শনার্থীদের অনেকের আনন্দঘন নাচ মণ্ডপ প্রাঙ্গণকে মুখর করে তোলে। ধামরাইয়ের বণিক বাড়ি থেকে বাবা-মায়ের সঙ্গে প্রতিমা দেখতে আসা দেবাদৃতা কর্মকার তার আনন্দের কথা জানিয়ে বলে, সে দুর্গা মায়ের প্রতিমা দেখে খুব খুশি হয়েছে।
কৃষিবিদ ইনস্টিটিউশনের মণ্ডপে ৩৬ বছর ধরে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা পরিচালনা করছেন পুরোহিত অবিনাশ চক্রবর্তী। তিনি দেবী দুর্গার কাছে প্রার্থনা করে বলেন, পৃথিবী যেন সবার জন্য সুস্থ ও নিরাপদ থাকে, এবং মানুষের মধ্যে ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন যেন আরও বৃদ্ধি পায়।

