বঙ্গোপসাগরে একটি নতুন লঘুচাপ সৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল শুক্রবারের মধ্যে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে এই লঘুচাপটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
বর্তমানে বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু কম সক্রিয় অবস্থায় রয়েছে। তবে উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় বিরাজ করছে। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে যে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত ছড়িয়ে পড়েছে।

