স্থানীয় সরকার খাতে ১৭ বছরে ২৭ হাজার কোটি টাকার দুর্নীতি

স্থানীয় সরকার খাতের বিভিন্ন উন্নয়ন প্রকল্প, সড়ক ও কালভার্ট নির্মাণ, সরকারি নিয়োগ, ঠিকাদারি বিল এবং ভ্যাট-কর আদায়সহ ৬৬টি ক্ষেত্রে বড় ধরনের অনিয়ম ও দুর্নীতির চিত্র উঠে এসেছে একটি সরকারি তদন্ত প্রতিবেদনে। গত ১৭ বছরে এসব খাতে প্রায় ২৭ হাজার ৮৫৯ কোটি টাকার অনিয়ম, অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের তথ্য পেয়েছে তদন্ত কমিটি। অধিকতর নিরপেক্ষ ও পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য প্রতিবেদনটি দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হয়েছে। গত ১৯ অক্টোবর স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়।

তদন্ত প্রতিবেদনে আওয়ামী লীগ সরকারের টানা সাড়ে ১৫ বছর এবং পরবর্তী সময়ের বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করা হয়েছে। এর আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), জেলা পরিষদ, সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও ঢাকা ওয়াসার কার্যক্রম অন্তর্ভুক্ত ছিল। ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে প্রকল্পের অর্থ ব্যবহারে অসংগতি, ভ্যাট-কর জমা না দেওয়া, নির্মাণকাজের মান যাচাই ছাড়াই বিল পরিশোধ, নিয়োগে অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহারের মতো গুরুতর বিষয়গুলো চিহ্নিত করা হয়েছে। প্রতিবেদনে আর্থিক ক্ষতির পরিমাণ উল্লেখের পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

পিরোজপুরে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ঘিরে ৬ হাজার কোটি টাকার দুর্নীতির তথ্য তদন্ত কমিটির প্রতিবেদনে উঠে এসেছে। এছাড়া প্রকল্পের অর্থ ব্যয়, মোটরযান কেনা ও মেরামত, অনুমোদিত জনবল কাঠামোর বাইরে বেতন-ভাতা প্রদান এবং সড়ক ও কালভার্ট নির্মাণে অনিয়মের বিবরণ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রকল্পের অর্থ ব্যয় ও তিনটি মোটরযান-সংক্রান্ত ঘটনায় ১১ কোটি ৬০ লাখ টাকা, গাড়ি মেরামতের অর্থ চালকের ব্যাংক হিসাবে পরিশোধের ঘটনায় ২৫ লাখ ৮৮ হাজার টাকা এবং অনুমোদিত জনবল কাঠামোর বাইরে বেতন-ভাতার ক্ষেত্রে ৪৮ কোটি ১০ লাখ টাকার অনিয়মের কথা উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে সরকারি নকশা অনুসরণ না করে সড়ক নির্মাণ এবং পাঁচটি কালভার্ট নির্মাণ না করেও অর্থ ব্যয় দেখানোর গুরুতর অভিযোগ রয়েছে।