চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে বাংলাদেশ থেকে কলকাতাগামী নাগরিকদের দেশ ছাড়ার আগে হোটেল বুকিং নিশ্চিত এবং আবাসস্থলের নিরাপত্তা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। গত ১৯ আগস্ট পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় প্রশাসন বেশ কিছু আবাসিক হোটেল ও রেস্তোরাঁ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এই পরিস্থিতির আলোকে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন গত ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় নিরাপত্তা বিধি ও নিয়মকানুন মেনে দুর্ঘটনাপ্রবণ হোটেলগুলো পুনরায় চালু হতে মাসাধিক সময় লাগতে পারে। এমন পরিস্থিতিতে কলকাতায় আবাসনের সমস্যায় না পড়ার জন্য অগ্রিম হোটেল বুকিং নিশ্চিত না করে ভ্রমণ না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। ভ্রমণকারীদের অনভিপ্রেত পরিস্থিতি এড়িয়ে চলার লক্ষ্যে স্থানীয় প্রশাসনের গৃহীত পদক্ষেপগুলো বিবেচনায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিশেষ করে চিকিৎসার উদ্দেশ্যে আগত রোগীদের সফরসঙ্গীদের কলকাতায় আসার পূর্বেই হোটেল বুকিং নিশ্চিত করতে বলা হয়েছে। একইসঙ্গে সংশ্লিষ্ট হোটেলের কক্ষের প্রাপ্যতা, বুকিংয়ের বৈধতা, হোটেল থেকে হাসপাতালের দূরত্ব এবং অন্যান্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সম্পর্কে কলকাতায় আগমনের পূর্বেই যথাযথভাবে নিশ্চিত হওয়ার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।

