খুলনায় জুট মিলের জায়গায় ফিড কারখানা: শ্রমিকদের বিক্ষোভ ও অবস্থান

আওয়ামী লীগ সরকারের আমলে বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রায়ত্ত ক্রিসেন্ট জুট মিল লিজ নিয়ে পাটকল চালু না করে সেখানে ফিড কারখানা স্থাপনের অভিযোগ উঠেছে মাহাবুব এন্ড কোং-এর বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে এবং মিলটি পুনরায় জুট মিল হিসেবে চালুর দাবিতে খুলনায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন পাটকল শ্রমিকরা।

রোববার সকাল পৌনে ১০টার দিকে প্লাটিনাম, দৌলতপুর, ক্রিসেন্ট ও খালিশপুর জুট মিলের শ্রমিকরা ক্রিসেন্ট জুট মিলের গেটে জড়ো হন। এরপর তারা মিলটি পুনরায় চালুর দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন এবং মিল গেটের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। জাতীয়তাবাদী পাটকল শ্রমিক দল, খুলনা আঞ্চলিক কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী শ্রমিক দলের খালিশপুর আঞ্চলিক কমিটির আহ্বায়ক আবু দাউদ দীন মোহাম্মদ মৃধা।

অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন খালিশপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. বিপ্লবুর রহমান কুদ্দুস, প্লাটিনাম এমপ্লয়ীজ ইউনিয়নের সাবেক সহ-সভাপতি মো. আশরাফ হোসেন, খুলনা বিভাগীয় খাদ্য পরিবহন সড়ক পথ কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ হুমায়ুন কবির, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সাইফুল ও সাধারণ সম্পাদক মো. সবুজ হাওলাদার। এছাড়া ক্রিসেন্ট শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. ওমর ফারুক, খালিশপুর শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সহ-সম্পাদক মো. মনির হোসেন এবং শ্রমিক নেতা মোশারফ হোসেন, মো. মঈন উদ্দীন, মো. সেলিম, মো. আ. রাজ্জাক তালুকদার, মো. সাইদুল ইসলাম ও মো. আনোয়ার হোসেন বক্তব্য রাখেন।

বক্তারা অভিযোগ করেন, রাষ্ট্রায়ত্ত ক্রিসেন্ট জুট মিল লিজ নিয়ে সেখানে পাটকল চালু না করে ফিড কারখানা বসানো হয়েছে, যা দীর্ঘসময় ধরে বন্ধ থাকা মিলটি পুনরায় চালুর সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে। তারা অবিলম্বে ফিড কারখানা বন্ধ করে ক্রিসেন্ট জুট মিলকে পুনরায় জুট মিল হিসেবে চালু করার জন্য সরকারের প্রতি দাবি জানান। পাশাপাশি, বন্ধ থাকা অন্যান্য পাটকলগুলো দ্রুত চালুর মাধ্যমে শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত করার আহ্বানও জানানো হয়।

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩: ০৭আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩: ০৮