দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। শনিবার (২৫ জুলাই) সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদদের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, শনিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এই সতর্কতা জারি থাকবে। যেসব এলাকায় এই ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলো হলো— খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার। এসব অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
উদ্ভূত পরিস্থিতিতে এই সাতটি অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া নৌযানগুলোকে সাবধানতার সঙ্গে চলাচল করার পাশাপাশি আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্ক বার্তা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

