রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আগামী ৬ আগস্ট থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হচ্ছে। জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, দর্শনার্থীদের ভিড় নিয়ন্ত্রণ এবং সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সময়ভিত্তিক প্রবেশের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
জাদুঘরে প্রবেশের জন্য আগ্রহীদের আগে থেকেই অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে হবে। এজন্য সরকারি ওয়েবসাইট 'জুলাই ৩৬'-এ প্রবেশ করে নিজের সুবিধামতো ভিজিটের সময় নির্বাচন করে টিকিট সংগ্রহ করতে হবে।
জাদুঘরে প্রবেশের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা। এর আগে ৫ আগস্ট সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে সঙ্গে নিয়ে জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের দিনটি মূলত বিশেষ অতিথি ও জুলাই শহীদ পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত ছিল। আগামী ৬ আগস্ট থেকে সাধারণ দর্শনার্থীরা নির্ধারিত নিয়ম মেনে জাদুঘরটি পরিদর্শন করতে পারবেন।
অনলাইন টিকিট সংগ্রহের জন্য জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকিট বুকিংয়ের সরকারি অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

