জুলাই কোনো নির্দিষ্ট শ্রেণি বা গোষ্ঠীর নয়: ড. মুহাম্মদ ইউনূস

জুলাই গণঅভ্যুত্থান কোনো নির্দিষ্ট শ্রেণি বা গোষ্ঠীর নয়, বরং এটি সর্বস্তরের সাধারণ মানুষের বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। গণমানুষের অধিকার, ন্যায়বিচার ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী হিসেবে তিনি জুলাই মাসকে স্মরণ করেন।

প্রধান উপদেষ্টা তাঁর বিবৃতিতে বলেন, আমাদের স্মৃতিতে জুলাই একটি দীর্ঘ মাস, যা ৩৬ দিনে মাস। অন্যায়ের বিরুদ্ধে এ দেশের মানুষ কী ভীষণ শক্তি নিয়ে ঐক্যবদ্ধ হয়েছিল, জুলাই এলে জাতি তা আবারও স্মরণ করে। এ সময় তিনি জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে আন্দোলনে যারা আহত হয়েছেন, দৃষ্টিশক্তি হারিয়েছেন কিংবা পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আন্দোলনে সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণের কথা উল্লেখ করে ড. ইউনূস বলেন, রিকশাচালক, শ্রমজীবী ও বিভিন্ন পেশার মানুষ নিজ নিজ অবস্থান থেকে এই আন্দোলনে অংশ নিয়েছেন। চিকিৎসকেরা যুদ্ধ পরিস্থিতির মতো অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিবেশেও আহতদের জীবন বাঁচাতে নিরলসভাবে কাজ করেছেন। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিরাও এই আন্দোলনের প্রতি জোরালো সমর্থন জানিয়েছেন।

বিবৃতিতে জুলাই আন্দোলনে নারীদের অসামান্য সাহসিকতার কথা বিশেষভাবে তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, নারীদের এই সাহসী ভূমিকা দেশের প্রজন্মের পর প্রজন্মের নারীকে অনুপ্রাণিত করবে। এছাড়া শিক্ষার্থীদের বলিষ্ঠ নেতৃত্ব ভবিষ্যৎ প্রজন্মের তরুণদের জন্য সবসময় অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

গণঅভ্যুত্থানের শিক্ষা তুলে ধরে ড. মুহাম্মদ ইউনূস বলেন, দেশের সর্বস্তরের মানুষ যদি ঐক্যবদ্ধ হয়, তবে সবচেয়ে দুর্ভেদ্য মনে হওয়া শাসন কাঠামোকেও পরিবর্তন করা সম্ভব। দেশের গণতান্ত্রিক, অর্থনৈতিক ও সামাজিক অগ্রযাত্রা অব্যাহত রাখার লক্ষ্যে তিনি পুরো জাতিকে ঐক্যবদ্ধভাবে দৃঢ় সংকল্প নেওয়ার আহ্বান জানান।