দায়িত্বকে ইবাদত মনে করে পালন করতে হবে: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অফিস স্টাফদের নিয়ে একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, একটি আদর্শভিত্তিক সংগঠনের কেন্দ্রীয় অফিস কেবল প্রশাসনিক কাজের জায়গা নয়, বরং এটি সংগঠনের শৃঙ্খলা, আদর্শ, সেবা এবং দায়িত্বশীলতার প্রতীক। তিনি সকল কর্মকর্তা ও কর্মচারীকে জীবনের প্রতিটি ক্ষেত্রে আমানতদারিতা, দক্ষতা, সততা এবং সময়ানুবর্তিতার সর্বোচ্চ পরিচয় দেওয়ার নির্দেশনা দেন।

দায়িত্ব পালনে আন্তরিকতা ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে জামায়াত আমির বলেন, অফিসের প্রতিটি দায়িত্বকে ইবাদত হিসেবে বিবেচনা করতে হবে। নিষ্ঠা ও নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালন করলে ব্যক্তি, সমাজ এবং প্রতিষ্ঠানের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে। তিনি উপস্থিত সবাইকে নিজেদের চারিত্রিক গঠন, সেবার মান উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধিতে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় অফিস কমিটির সভাপতি মাওলানা এটিএম মা’ছুমের সভাপতিত্বে কর্মশালাটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় অফিস সেক্রেটারি মাওলানা আব্দুস সাত্তার। এতে বিশেষ অতিথি হিসেবে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার উপস্থিত ছিলেন।

কর্মশালার শুরুতে সভাপতির উদ্বোধনী বক্তব্যের পর দারসুল কোরআন পেশ করেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। এছাড়া সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন ও মো. আব্দুর রব কর্মশালায় আলোচনা করেন।

কর্মশালায় কেন্দ্রীয় অফিসের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। বক্তারা অফিস ব্যবস্থাপনা, সেবার গুণগত মান উন্নয়ন এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও কার্যকর করার লক্ষে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করেন।