ঈশ্বরদী জংশনে দাঁড়িয়ে থাকা মহানন্দা ট্রেনে ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫

পাবনার ঈশ্বরদী জংশন স্টেশনে দাঁড়িয়ে থাকা মহানন্দা এক্সপ্রেস ট্রেনে একটি সান্টিং ইঞ্জিনের ধাক্কায় অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার রাতে এই দুর্ঘটনাটি ঘটে। আকস্মিক এই ধাক্কায় ট্রেনের যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উত্তেজিত যাত্রীদের ধাওয়ার মুখে সান্টিং ইঞ্জিনের লোকোমাস্টার (চালক) ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানা গেছে।

স্টেশন সূত্রে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী জংশন স্টেশনে দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন দিক থেকে আসা একটি সান্টিং ইঞ্জিন ট্রেনটিকে সজোরে ধাক্কা দেয়। ঈশ্বরদী জংশন স্টেশনের স্টেশন মাস্টার মো. আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পেছন থেকে সান্টিং ইঞ্জিনের এই জোরালো ধাক্কায় ট্রেনের অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, পুলিশ সদস্যরা আহত যাত্রীদের উদ্ধার করে তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করেন। প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের ছেড়ে দেওয়া হয়েছে। এরপর মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি পুনরায় রাজশাহীর উদ্দেশে যাত্রা করে। ওসি আরও জানান, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ যাত্রীরা চালককে ধাওয়া করলে তিনি প্রথমে পালিয়ে যান, তবে পরে আবার ফিরে আসেন।

এদিকে ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে রাতেই ঈশ্বরদী জংশন স্টেশনে ছুটে যান পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল। তিনি দুর্ঘটনাস্থল পরিদর্শন করার পাশাপাশি আহত যাত্রীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী ও রেল পুলিশের সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন।

পরিদর্শনকালে সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, রেলযাত্রীদের নিরাপত্তার ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বা আপস মেনে নেওয়া হবে না। কীভাবে সান্টিং ইঞ্জিনটি এসে মহানন্দা এক্সপ্রেসের পেছনে ধাক্কা দিল, তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখতে হবে। এই ঘটনায় যদি কারও অবহেলা বা গাফিলতি প্রমাণিত হয়, তবে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, স্থানীয় যাত্রী ও প্রত্যক্ষদর্শীরাও দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং দায়িত্বে অবহেলাকারীদের শাস্তির দাবি জানিয়েছেন।