সরকার অনুমতি দিলে আইনশৃঙ্খলা রক্ষায় ক্রসফায়ারও করবে পুলিশ

রাজধানীর চকবাজারে এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষায় সরকার অনুমতি দিলে পুলিশ ‘ক্রসফায়ার’ করতেও পিছপা হবে না। পরিস্থিতি, আইন ও সংবিধান অনুযায়ী যখন যেখানে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার, পুলিশ ঠিক সেটাই গ্রহণ করবে। সোমবার (২৬ অক্টোবর) চকবাজারের ওয়াটার ওয়ার্কার্স রোডের শাহজাহান ইমাম টাওয়ারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।

আইজিপি তাঁর বক্তব্যে স্পষ্ট করে বলেন, দেশে কে কখন আসবে কিংবা আসবে না, তা পুলিশের মূল দেখার বিষয় নয়। তবে দেশের সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার স্বার্থে যদি ‘ক্রসফায়ারের’ প্রয়োজন পড়ে এবং সরকার যদি তার যথাযথ অনুমতি দেয়, তবে পুলিশ বাহিনী তা বাস্তবায়ন করতে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করবে না।

পুলিশের ভূমিকা নিয়ে গণমাধ্যম ও বিভিন্ন সমালোচকের দ্বিমুখী দৃষ্টিভঙ্গি প্রকাশ পাওয়ায় ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করেন পুলিশপ্রধান। তিনি বলেন, “আমরা লাঠিপেটা করলে বলা হয় ‘ফ্যাসিস্ট পুলিশ’, আর নীরব থাকলে বলা হয় ‘দুর্বল’। পুলিশকে কাজ করার যথাযথ পরিবেশ ও ক্ষমতা দিতে হবে।” অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষা ও দেশের অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে পুলিশের কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার মূল দায়িত্ব সেনাবাহিনীর ওপর থাকলেও দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার মূল ভরসাস্থল হলো পুলিশ। তাই কাউকে পুলিশকে ব্ল্যাকমেইল করার চেষ্টা না করার জন্য তিনি সতর্ক করে দেন।

সামাজিক শান্তি প্রতিষ্ঠা প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিমুখী আচরণেরও কঠোর সমালোচনা করেন আইজিপি আলী হোসেন ফকির। তিনি উল্লেখ করেন, রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে শান্তির প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তারা ‘শালিস মানি কিন্তু তালগাছটা আমার’ নীতিতে চলে। এই মনোভাব কোনো সমাজকে সুখী ও সমৃদ্ধির পথে নিয়ে যেতে পারে না।

বক্তব্যের শেষ অংশে সর্বসাধারণকে কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে না নেওয়ার তাগিদ দেন আইজিপি। একই সঙ্গে পুলিশ বাহিনীর কিছু সদস্যের অসাধু কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, গুটি কয়েকজন সদস্যের ভুলত্রুটির কারণে কথায় কথায় যেকোনো ঘটনার জন্য পুরো পুলিশ বাহিনীর ওপর ঢালাওভাবে দায় চাপানোর মানসিকতা থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে।