জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে ২০২৪ সালের ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রেখে ইস্পাতকঠিন জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘ফ্যাসিস্ট সরকার পতনে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল ও ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) যৌথ উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ঢাবি সাদা দলের আহ্বায়ক ও ইউট্যাবের মহাসচিব অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বলেন, ১৭ বছরের ধারাবাহিক গণতান্ত্রিক সংগ্রাম এবং শত-সহস্র শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বিজয় কোনো একক গোষ্ঠীর চেতনা বিক্রির হাতিয়ার হতে পারে না। ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে উসকানিমূলক কোনো ফাঁদে পা না দেওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। একই সঙ্গে গণতান্ত্রিক চর্চা ও সহনশীলতার মাধ্যমে রাষ্ট্রকাঠামোর প্রয়োজনীয় গণতান্ত্রিক সংস্কার সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ২০২৪ সালের ৮ আগস্ট সংবিধানের ১০৬ অনুচ্ছেদের অধীনে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার ছিল গণতন্ত্রকামী মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার প্রতিফলন। ১৭ বছরের জুলুম, গুম, খুন ও ভোটাধিকার হরণের বিরুদ্ধে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমেই শেখ হাসিনার পতন হয়েছে। ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকার যাতে স্বৈরাচারী হয়ে উঠতে না পারে, সেজন্য সংবিধানে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ দুই মেয়াদে সীমাবদ্ধ করার বিধান যুক্ত করার পরিকল্পনার কথা জানান তিনি। এছাড়া সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষের মধ্যে ‘চেক অ্যান্ড ব্যালেন্স’ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক দেশের সংবিধান সময়ের প্রয়োজনে সংশোধিত হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী জনআকাঙ্ক্ষা পূরণে বাংলাদেশের সংবিধানও গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি শিক্ষার্থী ও তরুণদের রাজনৈতিক অপরিপক্কতার পরিচয় দিয়ে উসকানিমূলক বক্তব্য না দেওয়ার পরামর্শ দেন। বুয়েটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ফাঁদে ফেলার অপচেষ্টা চলছে বলে উল্লেখ করে তিনি সবাইকে ধৈর্য ও সহনশীলতা বজায় রেখে গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ জানানোর আহ্বান জানান।