ব্যস্ত নগরী ঢাকায় আকাশচুম্বী অট্টালিকা ও অবকাঠামো নির্মাণের হার ক্রমাগত বাড়ছে। এই প্রেক্ষাপটে রাজধানী ঢাকার ইমারত নির্মাণ ও নগর উন্নয়ন-সংক্রান্ত বিদ্যমান আইন ও বিধিমালাকে আরও কার্যকর ও যুগোপযোগী করে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।
বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক অধিশাখা থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির সভাপতি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এবং গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।
কমিটির মূল দায়িত্ব হলো ঢাকা মহানগরে ইমারত বিধিমালার বাস্তবায়নের আইনি কাঠামোকে শক্তিশালী করা। এজন্য কমিটি 'দ্য বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাক্ট, ১৯৫২' এবং 'দ্য টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট, ১৯৫৩' পর্যালোচনা করবে। বিদ্যমান এই দুটি আইন পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন, পরিমার্জন ও সুপারিশ প্রণয়ন করবে কমিটি, যাতে রাজধানীতে ইমারত নির্মাণ-সংক্রান্ত বিধিমালা আরও কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে যে, কমিটি প্রয়োজনে নতুন সদস্য কো-অপ্ট করতে পারবে এবং প্রয়োজন অনুযায়ী সভা আহ্বান করবে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এই কমিটির সার্বিক সচিবালয় সহায়তা প্রদান করবে। কমিটির সুপারিশের ভিত্তিতে সংশ্লিষ্ট আইন ও বিধিমালার সংশোধনী প্রস্তাব পরবর্তীতে মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

