৪০০ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল

দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের চার শর বেশি শিক্ষকের বিরুদ্ধে গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং বা অনুসন্ধান বা তদন্ত কমিটি কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, এ বিষয়ে জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এসব কমিটি বিলুপ্ত বা প্রত্যাহার করতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তা-ও জানতে চাওয়া হয়েছে। সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এই রুল দেন।

গত ৪ আগস্ট ‘শেখ হাসিনাকে ফেরাতে ২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের গোপন তৎপরতা’ শিরোনামে একটি অনলাইন পোর্টালে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে দাবি করা হয়, দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষক নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে টেলিগ্রামে সিক্রেট গ্রুপের মাধ্যমে গোপন তৎপরতা চালাচ্ছেন। এই প্রতিবেদনের ভিত্তিতে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় তথ্য অনুসন্ধান বা তদন্ত কমিটি গঠন করে শিক্ষকদের নোটিশ দেয়।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের চার আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস, এম লিটন আহমেদ, রাশেদুল হক খোকন ও বিপ্লব কুমার দাস গত ৬ সেপ্টেম্বর রিটটি দায়ের করেন। এর আগে ৩১ আগস্ট তারা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রার বরাবর আবেদন করেছিলেন। আবেদনে যাচাইহীন গণমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে শিক্ষকদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তা বিলুপ্তির দাবি জানানো হয়। কোনো সাড়া না পাওয়ায় তারা রিট করেন।

আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জসীম সরকার, মোহাম্মদ ইমাম হোসেন ও শিহাব উদ্দিন খান।

শুনানি শেষে আইনজীবী চঞ্চল কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, কোনো অনলাইন পোর্টালের সংবাদের ভিত্তিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনের কোনো আইনি বিধান নেই। তিনি আরও বলেন, রাষ্ট্রদ্রোহের সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা তদন্তের এখতিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নেই, কারণ এটি ফৌজদারি অপরাধ। তাছাড়া মতপ্রকাশের স্বাধীনতা একটি মৌলিক অধিকার, যা সংবিধানস্বীকৃত। কোনো শিক্ষক স্বাধীনভাবে মতপ্রকাশ করলে সংবিধানস্বীকৃত পেশার অধিকার ক্ষুণ্ন করা যায় না। মূলত এসব যুক্তিতেই রিটটি করা হয়েছে।

আদালতের নির্দেশ অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এবং ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।