চাঁদপুরের হাজীগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। রাধাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার সাহা (৫৯) গতকাল সোমবার ভোরে চাঁদপুর শহরের নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
ঘটনার দিনটি ছিল তপন কুমার সাহার চাকরিজীবনের শেষ কর্মদিবস। এদিন তাঁকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাতে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সব প্রস্তুতি যখন সম্পন্ন, ঠিক তখনই বিদ্যালয়ের প্রাঙ্গণে পৌঁছায় তাঁর মরদেহ।
শিক্ষকের সহকর্মী লিমা আক্তার জানান, দুপুরে স্যারকে সংবর্ধনা দেওয়া এবং স্মারক উপহার দেওয়ার সব প্রস্তুতি ছিল। কিন্তু ভোরে খবর আসে যে স্যার নিজ বাসায় হৃদ্রোগে আক্রান্ত হয়েছেন। হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মোছাদ্দেক হোসেন তপন কুমার সাহার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেছেন। বাকিলা ইউনিয়ন পরিষদের সদস্য রবিউল আলম, যিনি বিদায় অনুষ্ঠানের অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন, তিনি জানান, এভাবে প্রিয় শিক্ষকের বিদায় নেবেন, তা কেউ কল্পনাও করতে পারেননি।

