সংসদে কনসার্টের পক্ষে কথা বলার ঘটনায় এমপি হাসনাত আবদুল্লাহর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন। সংগঠনটির পক্ষ থেকে অবিলম্বে হাসনাতকে জনসম্মুখে তার বক্তব্য প্রত্যাহার করে দেশের ধর্মপ্রাণ মানুষের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে খেলাফত ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি হাফেজ জাকির বিল্লাহ, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন এবং সাংগঠনিক সম্পাদক শাহীনুর আলম আকন্দ এই দাবি উত্থাপন করেন। বিবৃতিতে নেতারা বলেন, বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতি, ইসলামী মূল্যবোধ এবং সামাজিক শালীনতার বিষয়টি উপেক্ষা করে সংসদে এ ধরনের বক্তব্য প্রদান অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত।
নেতারা আরও উল্লেখ করেন, দেশের তরুণ সমাজের মধ্যে নৈতিক অবক্ষয় এবং সামাজিক অশালীনতা তৈরি করতে পারে এমন কোনো সংস্কৃতি বা বিনোদনকে উৎসাহিত করা উচিত নয়। হাসনাত আবদুল্লাহ স্বৈরাচার পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গণমানুষের নেতৃত্বের জায়গায় এসেছেন, যা তাকে একজন প্রভাবশালী ও দায়িত্বশীল ব্যক্তিতে পরিণত করেছে। তাই জনসমক্ষে কোনো বিষয়ে অবস্থান নেওয়ার আগে দেশের মানুষের ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক বাস্তবতাকে গুরুত্ব দেওয়া তার জন্য জরুরি ছিল বলে তারা মন্তব্য করেন।
বিবৃতিতে খেলাফত ছাত্র আন্দোলনের নেতারা তরুণ প্রজন্মকে সুস্থ, শালীন, নৈতিক এবং ইসলামী মূল্যবোধসম্পন্ন সংস্কৃতির দিকে ধাবিত করার লক্ষ্যে যথাযথ উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি জোর আহ্বান জানান।

