সিন্ডিকেট ভেঙেছে সরকার, সামনে হজের বিমান ভাড়া আরও কমবে

সামনে হজের বিমান ভাড়া আরও কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। শনিবার (১ আগস্ট) রাতে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বেসরকারি হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলার সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আপনারা জানেন বিগত সময়ে হজের বিমান ভাড়া নিয়ে একটি সিন্ডিকেট গড়ে উঠেছিল, যা বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী ভেঙে দিয়েছেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে হজ যাত্রীদের সাশ্রয়ী মূল্যে নিরাপদ ও সেবামূলক সুবিধা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

ভাড়ার বর্তমান চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, ২০২৪ সালে হজের বিমান ভাড়া ছিল এক লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা। ২০২৬ সালে আমরা ১২ হাজার টাকা কমিয়ে ভাড়া নির্ধারণ করি। পরবর্তীতে প্রধানমন্ত্রী আমাদের ডেকে জানান যে, তিনি এই যাত্রায় লাভ-লোকসান দেখছেন না, বরং জনগণের স্বপ্নের কথা বিবেচনা করছেন। তার নির্দেশনায় ভাড়া আরও ২৪ হাজার ৮০০ টাকা কমিয়ে বর্তমানে এক লাখ ৩০ হাজার টাকা করা হয়েছে। সব মিলিয়ে বর্তমান সরকার গত পাঁচ মাসে বিমান ভাড়া ৩৬ হাজার ৮৩০ টাকা কমিয়েছে। সৌদি সরকারের সঙ্গে ট্যাক্স কমানোর বিষয়ে আলোচনা চলছে, যা সফল হলে ভাড়া আরও কমানো সম্ভব হবে।

হাজিদের খাবারের বিষয়ে মন্ত্রী বলেন, সৌদি সরকার খাবারের দায়িত্ব নেওয়ায় বাঙালি হজযাত্রীরা তাদের পছন্দের খাবারের অভাব বোধ করতে পারেন। দীর্ঘ যাত্রায় মানুষ সাধারণত ভাত-মাছ বা দেশীয় খাবার প্রত্যাশা করে, সেখানে সৌদি খাবারের ভিন্নতা হজযাত্রীদের জন্য কতটা সুবিধাজনক হবে তা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেন।

অনুষ্ঠানে হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার সভাপতিত্ব করেন এবং হাব মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এ সময় ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ, বিমানের ব্যবস্থাপনা পরিচালক কায়জার সোহেল আহমেদসহ সরকারি ও বেসরকারি পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।