চীনে উন্নত চক্ষু চিকিৎসা নিতে আগ্রহী বাংলাদেশি রোগীদের জন্য একটি বিশেষ ‘গ্রিন চ্যানেল’ সেবা চালু করা হয়েছে। এই নতুন ব্যবস্থার আওতায় রোগীরা চীন সফরের আগেই চিকিৎসাসংক্রান্ত পরামর্শ গ্রহণ এবং তাদের প্রয়োজনীয় নথি পর্যালোচনার সুযোগ পাবেন। শনিবার (২৪ অক্টোবর) চীনের কুনমিংয়ে অবস্থিত কুনমিং হুয়াশিয়া আই হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করা হয়।
বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল শাহনাজ রানু এই ‘গ্রিন চ্যানেল’-এর ফলক উন্মোচন করেন। একই দিনে তিনি ‘হুয়াশিয়া অপথ্যালমোলজি ইন্টারন্যাশনাল ফোরাম ২০২৬’-এরও উদ্বোধন করেন। অনুষ্ঠানে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের প্রথম সচিব (বাণিজ্যিক) রিদওয়ানুর রহমান এবং হুয়াশিয়া চক্ষু হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট ঝাং ঝিইয়ং উপস্থিত ছিলেন।
নতুন এই ‘গ্রিন চ্যানেল’ ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশি রোগীরা চীনে পৌঁছানোর পর পৃথক আন্তর্জাতিক ডেস্ক ও অগ্রাধিকারভিত্তিক অ্যাপয়েন্টমেন্টের সুবিধা পাবেন। এছাড়া ভাষাগত প্রতিবন্ধকতা দূর করতে সেখানে দোভাষী সহায়তার ব্যবস্থাও থাকবে। চিকিৎসা শেষে দেশে ফিরে আসার পরও ফলো-আপ সেবা পাওয়ার সুযোগ নিশ্চিত করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে কনসাল জেনারেল শাহনাজ রানু বাংলাদেশের জনস্বাস্থ্য খাতের অগ্রগতি এবং চক্ষু চিকিৎসায় দেশীয় প্রতিষ্ঠানগুলোর অর্জনের কথা তুলে ধরেন। তিনি বাংলাদেশি রোগীদের জন্য মানসম্মত ও নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি সেবার স্বচ্ছতা, ন্যায্য মূল্য এবং রোগীর মর্যাদা রক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
কনসাল জেনারেল শাহনাজ রানু বলেন, বাংলাদেশি রোগীদের জন্য মানসম্মত ও নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং চিকিৎসার ব্যয়ে স্বচ্ছতা বজায় রাখাই বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের প্রধান প্রত্যাশা। তিনি হুয়াশিয়া হাসপাতাল কর্তৃপক্ষকে বাংলাদেশি চক্ষু চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ, টেলি-কনসালটেশন এবং বাংলাদেশের চক্ষু চিকিৎসা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অংশীদারত্ব গড়ে তোলার আহ্বান জানান। তিনি মনে করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে উন্নত চক্ষু চিকিৎসাসেবা দেওয়ার সক্ষমতা আরও বাড়ানো সম্ভব।
