আমদানি নির্ভর জ্বালানির ওপর চাপ কমিয়ে সৌরবিদ্যুতের ব্যবহার ও উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। শনিবার দুপুরে রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন সোলার ইকোসিস্টেমের উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ পরিকল্পনার কথা জানান।
অর্থমন্ত্রী বলেন, সৌরবিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ জ্বালানি আমদানির ওপর নির্ভরতা থেকে বেরিয়ে আসতে চায়। এই লক্ষ্য অর্জনে আগামী এক থেকে দুই বছরের মধ্যে দেশের বিদ্যুৎ চাহিদার একটি উল্লেখযোগ্য অংশ সৌরবিদ্যুতের মাধ্যমে মেটানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, এই উদ্যোগ সফল হলে বৈদেশিক মুদ্রার সাশ্রয় সম্ভব হবে।
সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে সরকার বাড়ির ছাদে প্যানেল স্থাপনে আগ্রহী নাগরিকদের সব ধরনের সহযোগিতা দেবে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী। তিনি উল্লেখ করেন, সৌরশক্তির মাধ্যমে শুধু বাতি জ্বালানোই নয়, বরং ফ্রিজ, টেলিভিশন ও ওয়াশিং মেশিনের মতো নিত্যপ্রয়োজনীয় বৈদ্যুতিক যন্ত্রপাতি চালানোও সম্ভব। সৌরবিদ্যুতের ব্যবহার বাড়লে আমদানি ব্যয় হ্রাসের পাশাপাশি বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে এটি বড় ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন সোলার ইকোসিস্টেমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন অর্থমন্ত্রী।

