শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, শিশুদের জন্য কাজ করার অর্থ হলো দেশের ভবিষ্যতের স্বার্থে কাজ করা। আজকের শিশুরাই আগামী দিনে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।
বুধবার সকালে বাংলাদেশ শিশু একাডেমিতে আয়োজিত এক সেমিনারে মন্ত্রী এসব কথা বলেন। শিশু অধিকার দিবস ২০২৬ এবং একাডেমির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে ‘শিশুর স্বপ্নে ৫০ বছর: অর্জনে অভিজ্ঞতা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করা হয়।
ড. আবদুল মঈন খান বলেন, আজকের শিশুরাই একদিন এ দেশের পূর্ণাঙ্গ নাগরিক হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে এবং দেশকে গড়ে তুলবে। তবে এই কঠিন দায়িত্ব কেবল শিশুদের ওপর ছেড়ে দিলে চলবে না। তারা যাতে সঠিকভাবে বেড়ে উঠতে পারে, তা নিশ্চিত করার বড় দায়িত্ব আজ যারা বয়স্ক তাদের ওপরও বর্তায়। শিশুদের উদ্দেশে তিনি বলেন, তোমরা যদি সঠিকভাবে গড়ে উঠতে ব্যর্থ হও, তবে সেই ব্যর্থতার দায় আমাদের ওপরেই আসবে। তাই দেশকে ভালোবেসে এখন থেকেই সুনাগরিক হিসেবে গড়ে ওঠার প্রস্তুতি নিতে তিনি শিশুদের প্রতি আহ্বান জানান।
শিশুদের অধিকার রক্ষায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শী উদ্যোগের কথা স্মরণ করে সমবায় মন্ত্রী বলেন, জাতিসংঘ বিশ্বজুড়ে শিশু অধিকার নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করারও ১৩ বছর আগে, ১৯৭৬ সালে জিয়াউর রহমান শিশুদের অধিকারের বিষয়টি উপলব্ধি করেছিলেন। দেশের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে হলে শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ দেওয়া অত্যন্ত জরুরি—এই সত্যটি তিনি বহু আগেই অনুধাবন করতে পেরেছিলেন।
‘শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে’—এই বাণীর তাৎপর্য তুলে ধরে মন্ত্রী বলেন, আজকের শিশুরাই আগামী দিনের রাষ্ট্রনায়ক হবে এবং দেশের নেতৃত্ব দেবে। বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তিকে শিশুদের ইতিহাসের একটি মাইলফলক হিসেবে বর্ণনা করে তিনি বলেন, আজকের এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পেরে উপস্থিত শিশুদের গর্বিত হওয়া উচিত এবং এই অভিজ্ঞতা তাদের সারাজীবন মনে রাখা প্রয়োজন।
সৃষ্টির চাকার গতিশীলতার সঙ্গে শিশুদের ভবিষ্যৎকে তুলনা করে ড. মঈন খান বলেন, পৃথিবী কখনো থমকে থাকে না, সৃষ্টির চাকা সবসময় সামনের দিকে এগিয়ে চলে। শিশুরা হচ্ছে সেই চাকারই একটি অবিচ্ছেদ্য অংশ। তাই তাদেরও ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হতে হবে। পরিশেষে তিনি শিশুদেরকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে দেশ ও মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান।

