সরকারি হাসপাতালে সাড়ে ১১ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার

দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকের অনুমোদিত ৪১ হাজার ৮০৬টি পদের বিপরীতে বর্তমানে ১১ হাজার ৪৯৫টি পদ শূন্য রয়েছে। এই শূন্য পদগুলোতে দ্রুত চিকিৎসক নিয়োগ দিয়ে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে এই অধিবেশন অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমানে সরকারি হাসপাতালগুলোতে ৩০ হাজার ৩১১ জন চিকিৎসক কর্মরত আছেন। জনসংখ্যার অনুপাতে চিকিৎসকের প্রয়োজনীয়তা নির্ধারণের ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা হয়। তিনি উল্লেখ করেন, ২০২৬ সালে সরকারি অর্থায়নে পরিচালিত একটি গবেষণার তথ্য অনুযায়ী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ন্যূনতম মানদণ্ড—প্রতি এক হাজার মানুষের জন্য শূন্য দশমিক ৫০ জন চিকিৎসক—অনুযায়ী ওই বছর বাংলাদেশে প্রায় ৮৮ হাজার ৯০৯ জন চিকিৎসকের প্রয়োজন হবে।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, সরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থায় কর্মরত চিকিৎসক এবং দেশে চিকিৎসকের মোট সংখ্যা এক নয়। জনগণের স্বাস্থ্যসেবার চাহিদা পূরণ এবং সরকারি হাসপাতালের শূন্য পদগুলো পূরণের লক্ষ্যে সরকার ইতিমধ্যে বিভিন্ন নিয়োগ কার্যক্রম হাতে নিয়েছে। মন্ত্রী জানান, ৪৪তম ও ৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে ইতিমধ্যে উল্লেখযোগ্য সংখ্যক চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া ৪৫তম, ৪৬তম, ৪৭তম ও ৫০তম বিসিএসের মাধ্যমে নতুন করে সহকারী সার্জন নিয়োগের প্রক্রিয়াও বর্তমানে চলমান রয়েছে।