সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ বিভাগ শনিবার ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ শিরোনামে এই প্রজ্ঞাপন প্রকাশ করেছে। নতুন এই আদেশে বিভিন্ন গ্রেড এবং ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে বাড়িভাড়ার হার পুনর্নির্ধারণ করা হয়েছে, যা জুলাই মাস থেকে কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় কর্মরত গ্রেড-২০ থেকে গ্রেড-১৬ পর্যন্ত চাকরিজীবীরা মূল বেতনের ৬০ শতাংশ বাড়িভাড়া পাবেন। গ্রেড-১৫ থেকে গ্রেড-১০ পর্যন্ত চাকরিজীবীরা পাবেন ৫০ শতাংশ এবং গ্রেড-৯ থেকে গ্রেড-৫ পর্যন্ত বেতন পাওয়া চাকরিজীবীরা পাবেন ৪৫ শতাংশ হারে বাড়িভাড়া। এছাড়া গ্রেড-৪ থেকে গ্রেড-১ ও তদূর্ধ্ব গ্রেডের চাকরিজীবীরা ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় মূল বেতনের ৪০ শতাংশ হারে বাড়িভাড়া পাবেন।
খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর, ময়মনসিংহ ও বগুড়া সিটি করপোরেশন এবং সাভার ও কক্সবাজার পৌর এলাকার জন্য বাড়িভাড়ার হার কিছুটা ভিন্ন। এসব এলাকায় গ্রেড-২০ থেকে গ্রেড-১৬ পর্যন্ত চাকরিজীবীরা মূল বেতনের ৫০ শতাংশ, গ্রেড-১৫ থেকে গ্রেড-১০ পর্যন্ত ৪০ শতাংশ, গ্রেড-৯ থেকে গ্রেড-৫ পর্যন্ত ৩৫ শতাংশ এবং গ্রেড-৪ থেকে গ্রেড-১ ও তদূর্ধ্ব গ্রেডের চাকরিজীবীরা মূল বেতনের ৩০ শতাংশ হারে বাড়িভাড়া পাবেন।
দেশের অন্যান্য এলাকার ক্ষেত্রে বাড়িভাড়ার হার আরও কিছুটা কম নির্ধারণ করা হয়েছে। সেখানে গ্রেড-২০ থেকে গ্রেড-১৬ পর্যন্ত চাকরিজীবীরা মূল বেতনের ৪৫ শতাংশ, গ্রেড-১৫ থেকে গ্রেড-১০ পর্যন্ত ৩৫ শতাংশ, গ্রেড-৯ থেকে গ্রেড-৫ পর্যন্ত ৩০ শতাংশ এবং গ্রেড-৪ থেকে গ্রেড-১ ও তদূর্ধ্ব গ্রেডের চাকরিজীবীরা মূল বেতনের ২৫ শতাংশ হারে বাড়িভাড়া পাবেন।
উল্লেখ্য, বর্তমানে ঢাকা সিটি করপোরেশন এলাকায় মূল বেতনের ওপর ভিত্তি করে ৬৫ শতাংশ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বাড়িভাড়া দেওয়া হয়, যার সঙ্গে ন্যূনতম ভাড়ার একটি নির্দিষ্ট সীমা যুক্ত থাকে। বর্তমান ব্যবস্থায় মূল বেতন ৯ হাজার ৭০০ টাকা পর্যন্ত হলে ৬৫ শতাংশ (ন্যূনতম ৫,৬০০ টাকা), ৯ হাজার ৭০১ থেকে ১৬ হাজার টাকা পর্যন্ত ৬০ শতাংশ (ন্যূনতম ৬,৪০০ টাকা), ১৬ হাজার ১ থেকে ৩৫ হাজার ৫০০ টাকা পর্যন্ত ৫৫ শতাংশ (ন্যূনতম ৯,৬০০ টাকা) এবং ৩৫ হাজার ৫০১ টাকার বেশি হলে ৫০ শতাংশ (ন্যূনতম ১৯,৫০০ টাকা) বাড়িভাড়া পাওয়া যায়। অন্যান্য এলাকায় বর্তমানে বাড়িভাড়ার হার ও ন্যূনতম অঙ্কের ক্ষেত্রে ভিন্নতা রয়েছে।

