কালিয়াকৈরে মহাসড়ক অবরোধে নিষিদ্ধ সংগঠনের ২০ নেতাকর্মী গ্রেপ্তার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের মধ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ও পিকেটিংয়ের ঘটনায় ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী বলে জানা গেছে। শনিবার সকালে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ৯টার দিকে কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ন্যূনতম বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনকারীরা হঠাৎ মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যার ফলে সাধারণ যাত্রী ও সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে কালিয়াকৈর থানা পুলিশ, শিল্প পুলিশ, হাইওয়ে পুলিশ, আনসার ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবরোধকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে পিকেটিংকারীরা উত্তেজিত হয়ে পড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। বেলা ১১টার পর থেকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, আন্দোলনের নামে যারা মহাসড়ক অবরোধ ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করছিলেন, তারা প্রকৃত পোশাকশ্রমিক নন। বরং তারা শ্রমিকদের আন্দোলনের সুযোগ নিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী হিসেবে পিকেটিং ও নাশকতার চেষ্টা করছিলেন। তাৎক্ষণিক অভিযানের মাধ্যমে ঘটনাস্থল ও আশপাশ থেকে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা বর্তমানে কালিয়াকৈর থানা হেফাজতে রয়েছেন এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। বর্তমানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল করছে এবং শিল্পাঞ্চলের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ১৪: ৫৬আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ১৫: ০০