ন্যূনতম মজুরির দাবিতে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের কারণে ১৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া পরিস্থিতি বিবেচনায় আজ রোববারের জন্য আরও পাঁচটি কারখানায় ছুটি দেওয়া হয়েছে। গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে আটটার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ীর জরুন এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর সকাল নয়টার দিকে কালিয়াকৈরের মৌচাক এলাকায় কিছু কারখানায় ছুটি ঘোষণা করা হলে শ্রমিকরা বিক্ষোভ মিছিল বের করেন। তাঁরা হাইড্রো অক্সাইড লিমিটেড কারখানার সামনে অবস্থান নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা চালান। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় শ্রমিকরা সরে গেলে সেখানে পরিস্থিতি স্বাভাবিক হয়।
পুলিশ সুপার মো. আমজাদ হোসেন জানান, শ্রমিকেরা সকালে বিভিন্ন স্থানে জড়ো হওয়ার চেষ্টা করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের কারণে বড় ধরনের কোনো বিশৃঙ্খলা হয়নি। শিল্প এলাকার প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে।
কালিয়াকৈরের পূর্ব চন্দ্রা এলাকার ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ কর্তৃপক্ষ এক নোটিশে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। নোটিশে উল্লেখ করা হয়েছে, সরকার ও বিজিএমইএ থেকে মজুরি সংক্রান্ত বিষয় পরিষ্কার করার পরও বহিরাগত শ্রমিকদের প্ররোচনায় কারখানায় ভাঙচুর ও কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালানো হয়েছে। এতে কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ ছাড়াও চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ইকোটেক্স লিমিটেড, আহসান কম্পোজিট, এপেক্স হোল্ডিং লিমিটেড এবং মৌচাক এলাকার মোয়াজউদ্দিন টেক্সটাইল লিমিটেডসহ অন্তত ১৩টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।

