গ্যাস সংকট আগের সরকারের ব্যর্থতার ফসল: আবদুস সালাম

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. আবদুস সালাম বলেছেন, আগের সরকার গ্যাস সংকট সমাধানে প্রয়োজনীয় গ্যাসকূপ খনন করেনি। এছাড়া দেশে নতুন কূপ সৃষ্টি ও গ্যাসের সরবরাহ বাড়ানোর ক্ষেত্রেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘অনুরাগ’ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গ্যাসের সংকট নিয়ে সাম্প্রতিক আন্দোলন ও প্রতিবাদের বিষয়ে আবদুস সালাম প্রশ্ন রেখে বলেন, গ্যাসের জন্য বাটি নিয়ে বের হয়েছেন। এই গ্যাসের সংকট বা বিদ্যুতের সংকট কি বিএনপির আমলে শুরু হয়েছে? তার দাবি, এই সমস্যাগুলো বিএনপি উত্তরাধিকার সূত্রে পেয়েছে। তিনি আরও বলেন, পাঁচ মাসে সবকিছু সমাধান হয়ে যাবে, এমন প্রত্যাশা করা বাস্তবসম্মত নয়।

অনুষ্ঠানে সাহিত্য, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন হিসেবে ‘অনুরাগ’-এর ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে এ ধরনের সংগঠনের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি। সমাজব্যবস্থা ভেঙে পড়ার পেছনে সুস্থ সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্যচর্চার ঘাটতি দায়ী। গত ১৭ বছরে দেশের মানুষ ভিনদেশের সংস্কৃতি নিয়ে বেশি চর্চা করেছে এবং সেই আকাশ সংস্কৃতি আমাদের নিজস্ব সংস্কৃতিকে অনেকটা খেয়ে ফেলেছে। তার মতে, শিক্ষা ও সংস্কৃতি উন্নত না হলে কোনো দেশ দাঁড়িয়ে থাকতে পারে না।

দেশের গণতান্ত্রিক ব্যবস্থা প্রসঙ্গে আবদুস সালাম বলেন, পাকিস্তান আমল থেকেই গণতন্ত্রের জন্য লড়াই চলছে, কিন্তু এখনো এটিকে পুরোপুরি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া সম্ভব হয়নি। গণতন্ত্র বারবার বাধাগ্রস্ত হয়েছে। গণতন্ত্র দুই, চার বা পাঁচ বছরে প্রতিষ্ঠিত হয় না, এর জন্য সময়ের প্রয়োজন।

বর্তমান সরকারের অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যখন দায়িত্ব নেন, তখন দেশের অর্থনীতি তলানিতে ছিল। এর মধ্যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও তেলের সংকট বৈশ্বিক অর্থনীতিতে নতুন চাপ তৈরি করেছে। এমন পরিস্থিতিতেই সরকার দেশ পরিচালনা করছে। বিএনপিকে দুর্বল মনে না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দলটি দীর্ঘ সংগ্রাম ও আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে এনেছে। ভবিষ্যতে গণতন্ত্র নস্যাৎ করার চেষ্টা হলে ছাত্রসমাজ, যুবসমাজ ও সাধারণ মানুষ তা রক্ষায় ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।