বাংলাদেশে বর্তমানে দেড় মাসের জ্বালানি তেলের মজুত রয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে এই মজুত ছয় মাসে উন্নীত করার লক্ষ্য রয়েছে সরকারের। বুধবার (১৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী জানান, বর্তমানের দেড় মাসের তেলের মজুতকে দ্রুতই তিন মাসে নিয়ে যাওয়া হবে এবং পরবর্তীতে তা ছয় মাসে উন্নীত করার দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে দেশের গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে কথা বলেন তিনি। জোনায়েদ সাকি উল্লেখ করেন, মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটি বা বয়লার সমস্যার কারণে গ্যাস সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটেছিল, যা ইতোমধ্যে সমাধান করা হয়েছে।
বিদ্যুৎ ও গ্যাসের বর্তমান ঘাটতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী স্বীকার করেন যে, চাহিদা অনুযায়ী পর্যাপ্ত গ্যাস ও বিদ্যুৎ দেশে নেই। এই সংকট দূর করতে সরকার স্থানীয়ভাবে গ্যাস উৎপাদন বৃদ্ধি এবং নবায়নযোগ্য জ্বালানির দিকে মনোযোগ দিচ্ছে। বিদ্যুৎ ব্যবস্থাকে আরও আধুনিক ও উন্নত করতে কাজ চলছে বলেও তিনি জানান।
জোনায়েদ সাকি আরও বলেন, বিদ্যুৎ সংকট দূরীকরণে সরকার সক্রিয়ভাবে কাজ করছে এবং চলমান সাময়িক সমস্যাগুলো কাটিয়ে ওঠা হচ্ছে। চাহিদা মেটাতে গ্যাস আমদানি করা হলেও কেবল আমদানিই যথেষ্ট নয়, এর জন্য প্রয়োজনীয় এলএনজি স্টেশন স্থাপন করা প্রয়োজন। আর এই স্টেশনগুলো প্রস্তুত করতে কিছুটা সময় লাগবে বলে তিনি মন্তব্য করেন।

