গাজীপুরের কোনাবাড়িতে ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

গাজীপুর মহানগরের কোনাবাড়ী দেওয়ালিয়াবাড়ী এলাকায় একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার পর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট তাদের সাথে যোগ দেয়। বর্তমানে মোট চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আইয়ুব আলী জানান, তারা সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পান। সংবাদ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে কোনাবাড়ী মডার্ন ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট পাঠানো হয়। এরপর সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সহায়তা প্রদানের জন্য যুক্ত হয়।

গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ সাইদুল আলম চৌধুরী জানিয়েছেন, ঝুটের গুদামের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে। তবে ঠিক কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্ত সাপেক্ষে পরে জানানো হবে।