কক্সবাজারের হোটেলে অগ্নিকাণ্ড, পর্যটকদের মধ্যে আতঙ্ক

কক্সবাজারের কলাতলী হোটেল-মোটেল জোনে অবস্থিত কক্স অ্যাম্বাসেডর হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে আটতলা ভবনের পঞ্চম তলার একটি কক্ষে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের কক্ষে ছড়িয়ে পড়লে হোটেলে থাকা পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা ছোটাছুটি শুরু করেন। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক সৈয়দ মুহাম্মদ মোর্শেদ হোসেন জানান, হোটেলটির একটি কক্ষে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে।

উল্লেখ্য, কক্সবাজার শহরের হোটেলগুলোতে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এর আগে ১০ নভেম্বর ভোর ছয়টার দিকে কলাতলী হোটেল-মোটেল জোনের সৈকতপাড়া সড়কে একটি হোটেলসংলগ্ন বসতঘরে আগুন লেগে চারটি ঘর পুড়ে যায়। ২৩ অক্টোবর শহরের সুগন্ধা পয়েন্টে আবাসিক হোটেল সি প্রিন্সেসেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। এর আগে ১৭ অক্টোবর উখিয়ার পাটুয়ারটেক সৈকতে কাঠের তৈরি টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ জন পর্যটক নিহত হন। জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, কক্সবাজার শহরের পাঁচ শতাধিক হোটেল, রিসোর্ট, গেস্টহাউস ও কটেজের ৯০ শতাংশেই অগ্নিনির্বাপণের পর্যাপ্ত ব্যবস্থা নেই।