সারের সরকারি নির্ধারিত মূল্যে প্রাপ্যতা এবং এর সুষ্ঠু বিতরণ নিশ্চিত করতে সরকার সারা দেশে বিশেষ টাস্কফোর্স ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদে বিরোধীদলীয় সংসদ সদস্য এম রফিকুল ইসলামের এক প্রশ্নের জবাবে মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ এ তথ্য জানান। তিনি বলেন, সারের সরবরাহ, মজুত, পরিবহন, বিতরণ ও খুচরা বিক্রয় কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য কৃষি মন্ত্রণালয়ে একটি সার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে।
মন্ত্রী জানান, দেশের ৬৪ জেলায় সার মনিটরিং কার্যক্রম জোরদার করতে কৃষি মন্ত্রণালয়ের ৬৪ জন কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়া সার পরিস্থিতির সার্বিক পর্যবেক্ষণের জন্য মন্ত্রণালয়ের দুইজন যুগ্মসচিব ও দুইজন উপসচিবের সমন্বয়ে চার সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে, যারা নিয়মিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। মাঠপর্যায়ে সারের সরবরাহ ও বিতরণে কোনো সমস্যা দেখা দিলে তা দ্রুত সমাধানের লক্ষ্যে নিয়ন্ত্রণ কক্ষ থেকে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে।
ভর্তুকির বিষয়ে মন্ত্রী বলেন, ২০২৬-২৭ অর্থবছরে সার ভর্তুকি বাবদ সরকার ১৭ হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছে। এছাড়া কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে, যার আওতায় ডিজিটাল তথ্যভাণ্ডার তৈরি, ন্যায্যমূল্যে সার, মানসম্মত বীজ ও অন্যান্য কৃষি উপকরণ সরবরাহ এবং সরকারি প্রণোদনা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
সার ডিলার নিয়োগ প্রসঙ্গে কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য এম আব্দুল গফুরের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সমন্বিত সার ডিলার নিয়োগ ও সার বিতরণ নীতিমালা, ২০২৬’ অনুযায়ী বর্তমানে ডিলার নিয়োগ ও বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিদ্যমান ডিলারদের পাশাপাশি প্রতিটি ইউনিয়ন, পৌরসভা ও সিটি কর্পোরেশনে নতুন করে একজন করে সার ডিলার নিয়োগের প্রক্রিয়া চলছে। নীলফামারী-১ আসনের সংসদ সদস্য এম আব্দুস সাত্তারের প্রশ্নের জবাবে তিনি জানান, প্রতিটি প্রশাসনিক এলাকায় ডিলার নিয়োগের প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।
ডিলার নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে দেখছে বলে মন্ত্রী উল্লেখ করেন। তিনি বলেন, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নতুন নিয়োগপ্রাপ্ত ডিলারদের কার্যক্রম প্রথম তিন মাস নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে এবং গুরুতর অভিযোগ প্রমাণিত হলে ডিলারশিপ বাতিল করে নতুন ডিলার নিয়োগের বিধান রাখা হয়েছে।

