নাটোরের সিংড়া ও মানিকগঞ্জের দৌলতপুরে বোরো ও রবি মৌসুমের শুরুতে তীব্র সার সংকটে পড়েছেন কৃষকরা। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও সার না পেয়ে খালি হাতে ফিরতে হচ্ছে অনেককে। ডিলারদের ভাড়াটে লোকজনের বিরুদ্ধে কৃষকদের হয়রানি ও দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। পরিস্থিতি সামাল দিতে কোথাও পুলিশ ডাকতে হয়েছে, আবার কোথাও গ্রাম পুলিশের সহায়তায় সার বিতরণ করতে হয়েছে।
নাটোরের সিংড়া উপজেলার শেরকোল শাহী বাজারের মেসার্স সাফী এন্টারপ্রাইজের সামনে বুধবার সকালে সার নিতে নারী-পুরুষসহ শতাধিক কৃষক দীর্ঘ লাইনে দাঁড়ান। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী রাণীনগর গ্রামের বিএনপি নেতা মিজানুর রহমান। কৃষকদের অভিযোগ, দোকান বন্ধ রেখে ডিলারের ভাড়াটে লোকজন তাদের সঙ্গে খারাপ আচরণ ও তর্ক-বিতর্ক করেছে। ওই লাইনের প্রথমে দাঁড়িয়ে থাকা চকপুর গ্রামের কৃষাণী শামসুন নাহার বেওয়া জানান, তিনি প্রায় ৪০ বিঘা জমিতে রবিশস্য ও বোরো ধান চাষ করেন। স্বামী-সন্তানহীন এই নারী বাধ্য হয়ে লাইনে দাঁড়িয়েও সার পাবেন কি না, তা নিয়ে শঙ্কায় ছিলেন।
খরমকুড়ি গ্রামের কৃষক জাহেদুল ইসলাম ও শহিদুল ইসলাম জানান, মঙ্গলবার সারাদিন না খেয়ে লাইনে দাঁড়িয়ে ডিলারের ছেলের গালিগালাজ শুনতে হয়েছে তাদের। গ্রাম থেকে ৫০০ টাকায় ভ্যান ভাড়া করে এনেছিলেন। সন্ধ্যায় চার বস্তা সারের দাম জমা দিয়ে মাত্র দুই বস্তা সার পেয়েছেন, যার কোনো রসিদ দেওয়া হয়নি। বুধবার সকালে বাকি সার নিতে এলে আবারও তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। তবে ডিলার মিজানুর রহমান কৃষকদের এসব অভিযোগ অস্বীকার করেছেন।
সিংড়ায় রবি ও বোরো মৌসুম সামনে রেখে সারের জন্য হাহাকার চলছে। কৃষকদের অভিযোগ, টিএসপি সারের চাহিদা বেশি থাকলেও তা না পেয়ে কৃষি কর্মকর্তার পরামর্শে ডিএপি নিতে গেলে তাদের জোর করে ইউরিয়া সার নিতে বাধ্য করা হচ্ছে। সিধাখালী গ্রামের কৃষক জিয়াউর রহমান জিয়ার অভিযোগ, তাকে সার না দিয়েই তাড়িয়ে দেওয়া হয়েছে। ভাগনাগরকান্দি গ্রামের কৃষক আবুল বাসার জানান, জমিতে সরিষা, ভুট্টা ও আলু লাগানোর উপযুক্ত সময় হলেও দুদিন ঘুরেও তিনি সার পাননি।
অন্যদিকে, মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নে সার ডিলার আবদুর রাজ্জাকের দোকানের সামনেও চরম বিশৃঙ্খলা তৈরি হয়। স্থানীয় কৃষকদের অভিযোগ, ডিলার বেশ কিছুদিন ধরে সার সংকটের অজুহাত দিচ্ছিলেন। বুধবার সকালে সার দেওয়ার আশ্বাসে শত শত কৃষক সেখানে জড়ো হন। ভিড় দেখে আতঙ্কিত হয়ে ডিলার সার বিক্রি বন্ধ করে পুলিশে খবর দিলে কৃষকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে উত্তেজিত কৃষকরা সারের গোডাউনে ঢোকার চেষ্টা করেন।
খবর পেয়ে দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস এবং উপজেলা কৃষি কর্মকর্তা মো. লুৎফে আল মুঈজ ঘটনাস্থলে আসেন। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, ডিলার ৭০৬ বস্তা সার বরাদ্দ পেয়েছিলেন। সার বিতরণের সময় কয়েকশ কৃষক হুমড়ি খেয়ে পড়লে এবং গোডাউনের দরজা-জানালা ভাঙার চেষ্টা করলে উত্তেজনার সৃষ্টি হয়। পরবর্তীতে গ্রাম পুলিশ মোতায়েন করে কৃষকদের মাঝে সার বিতরণ করা হয়।

