প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৩: ৩৬। লালমনিরহাটে পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করা এবং সার সিন্ডিকেট ভাঙার দাবিতে রাস্তায় নেমেছেন কৃষকরা। রোববার সকাল ১১টার দিকে সদর উপজেলার মহেন্দ্রনগর এলাকায় অবস্থিত ‘বাংলাদেশ এগ্রিকালচার অ্যান্ড ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন’র গোডাউনের সামনের লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ কর্মসূচি পালন করেন তারা। এ ঘটনার ফলে প্রায় আধা ঘণ্টা মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ ছিল।
বিক্ষুব্ধ কৃষকদের অভিযোগ, সারের চরম মৌসুমে চাহিদামতো সার না পাওয়ায় তারা সময়মতো জমিতে সার প্রয়োগ করতে পারছেন না। এতে ফসলের মারাত্মক ক্ষতির আশঙ্কা করছেন তারা। কৃত্রিম সংকট সৃষ্টিকারী সিন্ডিকেট ভাঙা এবং নিয়মিত সার সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েই তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন বলে জানান।
অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান দ্রুত ঘটনাস্থলে গিয়ে কৃষকদের সাথে কথা বলেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিবাচক আশ্বাসের ভিত্তিতে প্রায় আধা ঘণ্টা পর কৃষকরা অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান জানান, জেলায় সারের কোনো বাস্তব সংকট নেই। মূলত হাতীবান্ধা উপজেলার একটি ইউনিয়নে সার বিতরণের খবর পেয়ে অন্যান্য এলাকার কৃষকরা মহেন্দ্রনগরে চলে আসায় একটি ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। তিনি আরও জানান, জেলায় সারের ঘাটতি নেই, তবে সার সরবরাহ বা বিতরণ নিয়ে সুনির্দিষ্ট কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তা খতিয়ে দেখে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

