শ্যামনগরে চার দিন নিখোঁজের পর ধানখেতে মিলল কৃষকের লাশ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা থেকে চার দিন ধরে নিখোঁজ থাকা মনোরঞ্জন মণ্ডল (৫৫) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে উপজেলার শৈলখালী এলাকার একটি ধানখেতে স্থানীয় বাসিন্দারা তার মরদেহ শনাক্ত করেন। তার মৃত্যুর কারণ সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

নিহত মনোরঞ্জন মণ্ডল যাদবপুর গ্রামের দিগম্বর মণ্ডলের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, চার দিন আগে তিনি ধানখেতে কীটনাশক প্রয়োগ করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী জানান, বিষয়টি শোনার পর ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের জন্য পুলিশ পাঠানো হয়েছে।