ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ পরীক্ষার সময়সূচি ঘোষণা

ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় দেশজুড়ে প্রান্তিক ও নিম্নআয়ের পরিবারের তথ্য সংগ্রহের জন্য ‘তথ্য সংগ্রহকারী’ (এনুমারেটর) নিয়োগের পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। গত মঙ্গলবার (২৮ জুলাই) মন্ত্রণালয়ের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি থেকে জারি করা এক জরুরি চিঠির মাধ্যমে এই সময়সূচির কথা জানানো হয়।

চিঠির তথ্য অনুযায়ী, আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাইয়ের কাজ সম্পন্ন হবে আগামী ২৯ ও ৩০ জুলাই। এরপর উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা বা ভাইভা অনুষ্ঠিত হবে আগামী ১ আগস্ট। সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এই ফ্যামিলি কার্ড কর্মসূচি দেশব্যাপী চালু করা হচ্ছে। এর মাধ্যমে ২০২৫-২৬ অর্থবছরে দেশের সব প্রান্তিক ও নিম্নআয়ের পরিবারের তথ্য সংগ্রহ করে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে।

তথ্য সংগ্রহকারী হিসেবে কাজ করতে ইচ্ছুক প্রার্থীদের জন্য চিঠিতে কয়েকটি বিশেষ যোগ্যতার শর্ত দেওয়া হয়েছে। আবেদনকারীদের অবশ্যই ফ্যামিলি কার্ড কর্মসূচিতে কাজ করার আগ্রহ থাকতে হবে, শারীরিকভাবে সক্ষম হতে হবে এবং স্মার্টফোন ব্যবহারে দক্ষ হতে হবে। এছাড়া ডিজিটাল পদ্ধতিতে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কাজ সঠিকভাবে সম্পন্ন করার জন্য প্রার্থীদের কম্পিউটার, ট্যাবলেট বা স্মার্টফোন পরিচালনায় পারদর্শী হওয়া আবশ্যক।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল হক স্বাক্ষরিত এই চিঠিতে জেলা প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা সমাজসেবা কর্মকর্তাদের দ্রুততম সময়ের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্ত তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ, দায়িত্ব বণ্টন এবং মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের সময়সূচিসহ অন্যান্য প্রয়োজনীয় দিকনির্দেশনা পরবর্তীতে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।