মক্কার একটি মসজিদে ‘অনৈতিক কাজে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হওয়াকে একটি শিক্ষা হিসেবে নেওয়ার কথা বলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, যখন কোনো দেশের আইনের ব্যত্যয় ঘটে, তখন সেই দেশের নাগরিকের জন্য অন্য দেশের খুব একটা কিছু করার থাকে না। তিনি উল্লেখ করেন, বিদেশী নাগরিকরা বাংলাদেশে কোনো অন্যায় করলে যেমন বাংলাদেশের আইন অনুযায়ী তাদের বিচার ও জেল হয়, তেমনি অন্যান্য দেশেও সেই দেশের আইনই কার্যকর থাকে। শামা ওবায়েদ বলেন, সুতরাং এই ঘটনা আমাদের জন্য একটি শিক্ষা হতে পারে। তবে তিনি একে দুর্ভাগ্যজনক উল্লেখ করে বলেন, আমরা আশা করি না এবং চাই না যে এমন খবর আর শুনতে হোক।
ঘটনাটি সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিশন আগে থেকে অবগত ছিল কি না, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ঘটনাটি কখন কীভাবে ঘটেছে, তা আমাদের মিশন জানত না। কেন মিশন অবগত ছিল না, তা নিয়ে বিস্তারিত মন্তব্য করতে তিনি রাজি হননি, কারণ সৌদি সরকার এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনো বাংলাদেশকে জানায়নি। তিনি বলেন, সৌদি সরকার বিস্তারিত জানালে আমি পরিষ্কারভাবে বলতে পারব। তবে বিষয়টি জানা থাকলে হয়তো প্রস্তুতি নেওয়া সম্ভব হতো।
উল্লেখ্য, গত বুধবার সৌদি আরবের মক্কা অঞ্চলে ওই দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম ‘আজেল নিউজ’ এ তথ্য নিশ্চিত করেছে। ওই বিবৃতিতে বলা হয়েছিল, মসজিদের ভেতরে ‘অনৈতিক কাজে’ লিপ্ত থাকার অভিযোগে নিরাপত্তা বাহিনী তাদের আটক করেছিল। পরবর্তীতে তদন্ত শেষে আদালতে অভিযোগ গঠন করা হয় এবং বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাদের মৃত্যুদণ্ডের রায় প্রদান করেন।

