৪-৫ বছরে অর্থনীতিতে বড় পরিবর্তনের আশা প্রধানমন্ত্রীর

সরকার ও ব্যবসায়ীরা যদি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন, তবে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যেই দেশের অর্থনীতিতে একটি ইতিবাচক পরিবর্তন নিয়ে আসা সম্ভব। শনিবার (১ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এ আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এই সভার আয়োজন করেছিল।

সভায় প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের জন্য কাজ করাই আমাদের মূল লক্ষ্য। যদিও কিছু ক্ষেত্রে সমস্যা বিদ্যমান, তবে সরকার ও ব্যবসায়ীরা যদি সম্মিলিতভাবে সেগুলো মোকাবিলা করেন, তবে তা কাটিয়ে ওঠা সম্ভব। তিনি আরও উল্লেখ করেন, অর্থনীতির বিদ্যমান সমস্যাগুলো সরকার যেমন উপলব্ধি করতে পারছে, ব্যবসায়ীরাও ঠিক একইভাবে তা অনুধাবন করছেন। এই সমস্যাগুলোর সমাধানে সরকার আন্তরিক এবং উভয় পক্ষের মধ্যে আলোচনা অব্যাহত থাকবে।

সরকারপ্রধান বলেন, সরকারের বয়স এখনো ছয় মাস পূর্ণ হয়নি, এর মধ্যেই আমরা কয়েকবার আলোচনার টেবিলে বসেছি। আমরা সেক্টরভিত্তিক সমস্যাগুলো নিয়ে কাজ করছি। আগের বৈঠকের আলোচনার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী জানান, ব্যবসায়ীদের উত্থাপিত অনেক সমস্যার ইতিমধ্যে সমাধান হয়েছে। আজকের বৈঠকেও নতুন কিছু সমস্যা উঠে এসেছে, যেগুলো নিয়েও কাজ করা হবে। তিনি বলেন, আমরা যত বেশি আলোচনা করতে পারব, তত বেশি সমস্যার সমাধান করা সম্ভব হবে।

বৈঠকে ব্যবসা সম্প্রসারণ, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন শিল্পায়নের পরিবেশ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। উদ্যোক্তারা সহজ শর্তে ঋণ, নীতিগত সহায়তা এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। সরকারের চলমান কার্যক্রম ও বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে তাঁরা সন্তোষ প্রকাশ করেছেন। সভায় জানানো হয়, আগের বৈঠকে আলোচিত ২৮টি সমস্যার মধ্যে ২১টির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বাকি সাতটি প্রক্রিয়াধীন রয়েছে।

এছাড়া সভায় ব্যবসায়ীরা ২০৩০ সালের মধ্যে দেশের রপ্তানি আয় ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার রূপরেখা তুলে ধরেন। রপ্তানি বাড়াতে কূটনৈতিক পর্যায়ে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছে সরকার। বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সড়ক, সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন শিল্পগোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।