রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তফসিল ঘোষণার প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই প্রক্রিয়ার অংশ হিসেবে তফসিল ঘোষণার আগে স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। রবিবার (২৬ জুলাই) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এর আগে সিইসির কার্যালয়ে নির্বাচন কমিশনার ও সিনিয়র সচিবের মধ্যে একটি অনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনসংক্রান্ত বিদ্যমান আইন ও পরবর্তী করণীয় নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, তফসিল ঘোষণার পরবর্তী কার্যক্রমগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্পিকারের সঙ্গে আলোচনা করা প্রয়োজন।
নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রধান নির্বাচন কমিশনার স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করে থাকেন। সেই ধারাবাহিকতায় এবারও ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে সাক্ষাতের জন্য সময় চাওয়া হবে।
সংবিধান ও আইন অনুযায়ী, জাতীয় সংসদের সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। নির্বাচন প্রক্রিয়া শুরুর জন্য সংসদ সচিবালয় থেকে ভোটার তালিকা হিসেবে সংসদ সদস্যদের নামের তালিকা নির্বাচন কমিশনে পাঠানো হবে। ইসি সেই তালিকার ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করবে এবং এরপরই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

