সাহস থাকলে দেশে ফিরে আইনের মুখোমুখি হোন: ডা. জাহিদ

সমাজ কল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ৫ আগস্ট চব্বিশের গণঅভ্যুত্থান দিবসে ভারতে পালিয়ে যাওয়া স্বৈরাচার সরকার ও তাদের সহযোগীরা বিদেশে বসে যেসব উসকানিমূলক বক্তব্য দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, তার তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে। দীর্ঘদিনের আন্দোলন ও সংগ্রামের মুখে এ দেশের মানুষ স্বৈরাচারকে দেশ থেকে পালাতে বাধ্য করেছে। মন্ত্রী আরও বলেন, পালিয়ে থাকা ওই ব্যক্তিদের যদি সাহস থাকে, তবে দেশে ফিরে এসে আইনের মুখোমুখি হওয়া উচিত।

রোববার (৯ আগস্ট) দুপুরে দিনাজপুরের হিলি স্থলবন্দরের চেকপোস্ট গেট থেকে শুরু করে চারমাথা মোড় হয়ে মহিলা কলেজ পর্যন্ত সড়কটি ফোরলেনে উন্নীতকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও উল্লেখ করেন, যদি আইনের মাধ্যমে তারা খালাস পেয়ে যান তবে তা ভিন্ন বিষয়, কিন্তু তাদের উচিত আইন ও আদালতের মুখোমুখি হয়ে বিচারের সম্মুখীন হওয়া।

জনগণের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, স্বৈরাচারের পতনের পর দেশের মানুষ বর্তমানে অনেক ভালো আছে। যারা অহেতুক মানুষকে উসকানি দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে, জনগণ যেকোনো উপায়েই হোক তা প্রতিহত করবে। এ সময় সেখানে দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান, হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমা, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।