কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্ব পালন করছেন ডা. মো. শাহজাহান। তার বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের বিপক্ষে সক্রিয় অবস্থান নেওয়ার এবং বিএনপির সমাবেশকে ‘সন্ত্রাসী কার্যক্রম’ হিসেবে আখ্যায়িত করার মতো গুরুতর অভিযোগ উঠেছে।
অনুসন্ধানে জানা যায়, গণঅভ্যুত্থান চলাকালে শিক্ষার্থীদের আন্দোলনের বিরোধিতা করে ‘শান্তিকামী চিকিৎসক ও নার্সরা’ নামে একটি সংগঠন সক্রিয় ছিল। গত বছরের ৩ আগস্ট কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালেও তারা একটি শান্তি মিছিল বের করে। তৎকালীন কুমেক পরিচালক ও আওয়ামী লীগঘেঁষা ডা. আজিজুর রহমান সিদ্দিকীর নেতৃত্বে আয়োজিত ওই মিছিলে বর্তমান ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. শাহজাহান সরাসরি অংশগ্রহণ করেছিলেন। স্থানীয় চিকিৎসকদের মতে, তৎকালীন শাসকগোষ্ঠীর আইনশৃঙ্খলা বাহিনী যখন শিক্ষার্থীদের ওপর দমন-পীড়ন চালাচ্ছিল, তখন ‘শান্তি’র আড়ালে এই মিছিলের মাধ্যমে তিনি কার্যত শিক্ষার্থীদের বিরুদ্ধেই অবস্থান নিয়েছিলেন।
স্থানীয় পর্যায়ে অভিযোগ রয়েছে, সাবেক সংসদ সদস্য ও স্থানীয় নেতা বাহারের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন ডা. শাহজাহান। সেই সময় ওই এমপির প্রভাব খাটিয়ে তিনি বিএনপিপন্থী চিকিৎসকদের কোনঠাসা করে রাখতেন। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি নিজের রাজনৈতিক রূপ বদলে ফেলেছেন। বর্তমানে তিনি নিজেকে বিএনপি পরিবারের সন্তান হিসেবে পরিচয় দিয়ে কুমেক হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালকের চেয়ার দখল করেছেন।
গোপন সূত্রে জানা গেছে, ডা. শাহজাহানের গ্রামের বাড়ি কুমিল্লার বরুড়া পৌরসভার এলাকায়। তিনি গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহেরের ঘনিষ্ঠ বরুড়া প্রেস ক্লাবের এক সংবাদকর্মীর মাধ্যমে মন্ত্রীর সঙ্গে সখ্য গড়ে তুলেছেন। নিজেকে মূলধারার বিএনপির অনুসারী দাবি করে মন্ত্রী জাকারিয়া তাহেরের সুপারিশে স্থায়ী পরিচালক পদ পেতে তিনি এখন জোর তদবির চালাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
কুমেক হাসপাতালের একাধিক চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে জানান, ডা. শাহজাহান সাবেক এমপি বাহারের ঘনিষ্ঠ অনুসারী ছিলেন, কিন্তু এখন তিনি রাতারাতি বিএনপি সেজে সব ধরনের সুযোগ-সুবিধা ভোগ করছেন। এদিকে, ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্ব পাওয়ার পর তার আচরণেও পরিবর্তন এসেছে বলে অভিযোগ উঠেছে। কোনো সেবাপ্রার্থী বা সংবাদকর্মী তার সঙ্গে দেখা করতে চাইলে তিনি সরাসরি কথা না বলে উপপরিচালক ডা. নিশাত সুলতানার কাছে পাঠিয়ে দেন। এছাড়া হাসপাতালের নানা অব্যবস্থাপনার বিষয়ে বক্তব্য নিতে মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি, যা স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ডা. মো. শাহজাহানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা ও সরাসরি সাক্ষাৎ করার উদ্যোগ নেওয়া হলেও তিনি সাড়া দেননি, ফলে তার মন্তব্য জানা সম্ভব হয়নি।

