প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩: ১৩
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী পর্বে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বিশ্বমঞ্চে সমসাময়িক ভূ-রাজনৈতিক সংকট, জাতিসংঘের কার্যকারিতা এবং ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। তিনি তার ভাষণে ফিলিস্তিনের গাজায় চলমান নজিরবিহীন মানবিক বিপর্যয়ের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। একই সঙ্গে, বৈশ্বিক শান্তি রক্ষায় বাংলাদেশের দৃশ্যমান ও গৌরবোজ্জ্বল ভূমিকা জোরালোভাবে উপস্থাপন করেন তিনি।
ড. খলিলুর রহমান তার বক্তব্যের শুরুতে চার দশক আগের স্মৃতিচারণ করেন। তিনি স্মরণ করেন যে, আজ থেকে প্রায় ৪০ বছর আগে বাংলাদেশের বিশিষ্ট কূটনীতিক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
জাতিসংঘের কার্যকারিতা ও বহুপাক্ষিকতা নিয়ে বর্তমানে যে প্রশ্ন উঠছে, তা নতুন নয় বলে মন্তব্য করেন ড. খলিল। তিনি উল্লেখ করেন, ১৯৪৫ সালে প্রতিষ্ঠার পর থেকেই এই সংস্থাটি বিভিন্ন সময়ে চ্যালেঞ্জ ও সমালোচনার মুখোমুখি হয়েছে। তবে সব সংশয় ও সমালোচনা সত্ত্বেও জাতিসংঘ টিকে আছে, কারণ বৈশ্বিক শান্তি ও কূটনীতির জন্য এটি অপরিহার্য এবং এর কোনো বিকল্প নেই। ১৯৪৫ সালে মাত্র ৫০টি দেশ নিয়ে যাত্রা শুরু করা জাতিসংঘে বর্তমানে ১৯৩টি সদস্য রাষ্ট্র একত্রিত হয়েছে, যা মানব ইতিহাসের এক অভূতপূর্ব ঘটনা। ড. খলিল আরও বলেন, একটি ধ্বংসাত্মক তৃতীয় বিশ্বযুদ্ধ রোধ করাই ছিল এই প্রতিষ্ঠানের মূল অঙ্গীকার এবং এই বিপর্যয় এড়াতে পারাটাই জাতিসংঘের সবচেয়ে বড় সাফল্য।

