কৃতি সন্তানদের ডিএমপি শিক্ষাবৃত্তি প্রদান, পুলিশ সদস্যদের ত্যাগের প্রশংসা কমিশনারের

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্যদের সন্তানদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি হিসেবে 'ডিএমপি শিক্ষাবৃত্তি-২০২৫' প্রদান করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে এই বৃত্তির অর্থ তুলে দেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যরা দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

ডিএমপি কমিশনার উল্লেখ করেন, রোদ-বৃষ্টি, গভীর রাত কিংবা বিভিন্ন উৎসব-পার্বণে দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশ সদস্যদের অনেক সময় পরিবারের গুরুত্বপূর্ণ মুহূর্তেও কর্মস্থলে উপস্থিত থাকতে হয়। এই দায়িত্ব পালনের পেছনে তাদের পরিবারের সদস্যদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সন্তানদের সাফল্যই তাদের এই ত্যাগের অন্যতম বড় প্রেরণা।

এবারের শিক্ষাবৃত্তির আওতায় মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চশিক্ষা স্তরের মোট ৪৩৭ জন কৃতি শিক্ষার্থীকে এই বৃত্তি দেওয়া হয়েছে। এর মধ্যে মেধাবৃত্তি ও উচ্চশিক্ষা সহায়ক বৃত্তির আওতায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ২৪৯ জন এবং উচ্চশিক্ষা সহায়ক বৃত্তির ১৮৮ জন শিক্ষার্থী রয়েছে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, এই শিক্ষাবৃত্তি কেবল কোনো আর্থিক সহায়তা নয়, বরং এটি শিক্ষার্থীদের মেধা, পরিশ্রম, অধ্যবসায়, স্বপ্ন ও ভবিষ্যৎ সম্ভাবনার এক অনন্য স্বীকৃতি। ডিএমপির সন্তানদের এই সাফল্য পরিবারের পাশাপাশি পুরো ঢাকা মেট্রোপলিটন পুলিশের জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের বিষয়। তিনি শিক্ষার্থীদের এই স্বীকৃতিকে ভবিষ্যতের আরও বড় অর্জনের অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করে নিজেদের এমনভাবে গড়ে তোলার আহ্বান জানান, যেন তারা অন্যদের জন্য দৃষ্টান্ত হতে পারে।

ডিএমপি কমিশনার আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, আজকের এই কৃতি শিক্ষার্থীদের মধ্য থেকেই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব গড়ে উঠবে। তাদের কেউ দেশের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নেতৃত্ব দেবে, কেউ নতুন জ্ঞান সৃষ্টি করবে, আবার কেউ মানুষের সেবা ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, তাদের পরিবারের সদস্য এবং শিক্ষাবৃত্তি পাওয়া কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। কমিশনার বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে তাদের সুন্দর জীবন ও ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।