চরাঞ্চলের ইউনিয়নগুলো নিয়ে ‘দিয়াড় উপজেলা’ গঠনের উদ্যোগ নেওয়া হবে: এমপি বুলবুল

চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে পৃথক ‘দিয়াড় উপজেলা’ গঠন করার ঘোষণা দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল। চরাঞ্চলের ইউনিয়নগুলো নিয়ে এই নতুন উপজেলা গঠন করা হবে বলে জানান তিনি।

মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের শিবিরের হাট এলাকায় আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন। নূরুল ইসলাম বুলবুল বলেন, চরাঞ্চলের মানুষের জন্য উন্নত চিকিৎসাসেবা, শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং সার্বিক নাগরিক অধিকার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। এই লক্ষ্য বাস্তবায়নেই দিয়াড় অঞ্চলের ইউনিয়নগুলোকে একত্রিত করে একটি নতুন উপজেলা গঠনের উদ্যোগ নেওয়া হবে।

পথসভায় সংসদ সদস্য চরাঞ্চলের বাসিন্দাদের দীর্ঘদিনের বিদ্যমান নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। একই সঙ্গে এলাকার সার্বিক উন্নয়ন সাধন এবং নাগরিক সেবা সরাসরি জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সুন্দরপুর ইউনিয়নের এই রাজনৈতিক কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক দুরুল হোদা, সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা, সুন্দরপুর ইউনিয়ন আমির দেলোয়ার হোসেন এবং সুন্দরপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ইখতিয়ার উদ্দীন শাহিন। এছাড়া স্থানীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা পথসভায় অংশ নেন।