সৌদি আরবের বিধিনিষেধে ঢাকা থেকে ১০০ ফ্লাইট বাতিল, বিপাকে ১৫ হাজার যাত্রী

সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধ আরোপ করায় ঢাকা থেকে সৌদিগামী বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, মোট ১০০টি ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়েছে। এই ফ্লাইটগুলোতে ১৫ হাজার ৩৯৩ জন যাত্রী যাতায়াতের কথা ছিল। ফ্লাইট বাতিলের ফলে সবচেয়ে বেশি সংকটে পড়েছেন ভিসার মেয়াদ শেষের দিকে থাকা প্রবাসী কর্মীরা।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, বাতিল হওয়া ১০০টি ফ্লাইটের মধ্যে ৪১টি সরাসরি এবং ৫৯টি ট্রানজিট ফ্লাইট। বর্তমানে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে এবং দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরেও ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে। পরিস্থিতির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রিয়াদ ও দাম্মাম রুটে ১৭ অক্টোবর পর্যন্ত সব ফ্লাইট স্থগিত ঘোষণা করেছে। তবে মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পরিস্থিতি স্বাভাবিক আছে এবং জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরেও বিমান চলাচল সচল রয়েছে।

সরকারের নির্দেশনা অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ অন্যান্য এয়ারলাইন্স যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য বিকল্প ব্যবস্থার উদ্যোগ নিয়েছে। যাত্রীদের বিনামূল্যে টিকিট পরিবর্তনের সুযোগ দেওয়া হচ্ছে, তবে তা বিকল্প ফ্লাইটে আসন খালি থাকা সাপেক্ষে। সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, রিয়াদ এয়ারওয়েজের সাতটি এবং সৌদিয়া এয়ারলাইন্সের সাতটি ফ্লাইট রয়েছে।

এয়ারলাইন্সগুলো রিয়াদ ও দাম্মামের যাত্রীদের মদিনা ও জেদ্দা বিমানবন্দরে নেওয়ার ব্যবস্থা করলেও নতুন রুটে আসনসংকট বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মকর্তা জানান, ভিসার মেয়াদ ফুরিয়ে আসা যাত্রীদের টিকিট পরিবর্তনে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কোনো ফ্লাইটে আসন খালি না রাখার প্রচেষ্টার কারণে কখনো কখনো ওভারবুকিংয়ের পরিস্থিতিও সৃষ্টি হচ্ছে। এছাড়া ইমিগ্রেশন পার হওয়ার পরও কয়েকজন যাত্রীকে ফিরিয়ে আনার ঘটনা ঘটেছে, যাদের পরবর্তী ফ্লাইটে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।