বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শনিবার (১৪ নভেম্বর) চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার বায়ুমান সূচকে স্কোর ১৯৪, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।
তালিকায় সবচেয়ে দূষিত বায়ুর শহর হিসেবে শীর্ষে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি, তাদের স্কোর ২২৭। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যার স্কোরও ২২৭। তালিকায় তৃতীয় স্থানে থাকা পশ্চিমবঙ্গের কলকাতার স্কোর ২০৬। এছাড়া পঞ্চম স্থানে থাকা চীনের বেইজিংয়ের স্কোর ১৬৫ এবং ১৬১ স্কোর নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে মিশরের কায়রো শহর।
সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার লাইভ বা তাৎক্ষণিক সূচকের মাধ্যমে বিশ্বের বিভিন্ন শহরের বাতাসের মান জানিয়ে থাকে। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো এবং ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। এছাড়া ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ স্কোর অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ স্কোর খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোর দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়।

