প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২: ৫৪। নারায়ণগঞ্জগঞ্জের ফতুল্লায় দেশের সর্বোচ্চ সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের সদস্য পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ ও মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত তিন প্রতারককে আটক করেছে ফতুল্লা থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে ফতুল্লার সাইনবোর্ড এলাকা থেকে অপহৃত সিএনজি চালক আলাউদ্দিনকে উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন মাহাবুব আলম রায়হান (৩৬), সাদ্দাম কাজী (৩৫) ও নাসির (৩৬)। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লা থানাধীন ভূইঘর সাহেবপাড়া পঞ্চায়েতের মোড় এলাকার বিসমিল্লাহ টাওয়ারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় চক্রের এক সদস্য কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সাইনবোর্ড সিএনজি স্ট্যান্ডে অবস্থানকালে আলাউদ্দিনকে একটি পুরাতন পাজেরো জিপে তুলে নেয় অভিযুক্তরা। চালক ও যাত্রীরা নিজেদের ডিজিএফআই সদস্য হিসেবে পরিচয় দিয়ে লাঠি দিয়ে বেশ কয়েকটি সিএনজির গ্লাস ভাঙচুর করে। আলাউদ্দিনকে গাড়িতে তুলে বিভিন্ন এলাকায় ঘোরানোর সময় তারা দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং মারধর করে।
ঘটনাটি জানতে পেরে পুলিশ ডিজিএফআইসহ প্রশাসনের বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ করে নিশ্চিত হয় যে, এটি একটি সংঘবদ্ধ অপরাধ চক্র। পরে বিসমিল্লাহ টাওয়ারের সামনে থেকে জিপটির গতিরোধ করে অভিযুক্তদের আটক করা হয়। অভিযানের সময় একটি কালো রঙের পাজেরো জিপ, দুটি ওয়াকিটকি, একটি হ্যান্ডকাপ, ডিজিএফআই ইন্সপেক্টর পরিচয়ের একটি ভিজিটিং কার্ড ও একটি লাঠি জব্দ করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুবুর আলম জানান, আটককৃতরা একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে টার্গেট করা ব্যক্তিদের অপহরণ করে ভয়ভীতি দেখিয়ে মুক্তিপণ আদায় করে আসছিল।

