বাংলাদেশে প্রতিদিন সড়ক দুর্ঘটনায় গড়ে ৬৬ জন প্রাণ হারাচ্ছেন এবং ১০৪ জন মানুষ স্থায়ীভাবে পঙ্গু বা প্রতিবন্ধী হয়ে পড়ছেন। স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির (এনসিডিসি) উদ্যোগে পরিচালিত ‘জাতীয় স্বাস্থ্য ও আঘাত’ শীর্ষক জরিপে সড়ক দুর্ঘটনার এই ভয়াবহ চিত্র উঠে এসেছে। সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি) দেশের ৬৪টি জেলায় ৪ লাখ ৪২ হাজার ৯৯৮ জনের তথ্য বিশ্লেষণ করে ২০২৩ সালের মে থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এই জরিপ চালায়। জরিপের প্রকাশিত সংক্ষিপ্ত প্রতিবেদন অনুযায়ী, দেশে সব ধরনের আঘাতজনিত মৃত্যুর প্রধান কারণই সড়ক দুর্ঘটনা।
জরিপের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, দেশে প্রতিবছর বিভিন্ন কারণে আঘাতের শিকার হওয়া ১ কোটি ৬৫ লাখ ৭৪ হাজার মানুষের মধ্যে ১৮ দশমিক ৩ শতাংশই সড়ক দুর্ঘটনার কবলে পড়েন। বছরে সড়ক দুর্ঘটনায় আহত হচ্ছেন ৩০ লাখ ৩১ হাজার ২৮ জন, যা প্রতি ১ লাখ মানুষে প্রায় ১ হাজার ৮৩৫ জন। একই সঙ্গে প্রতিবছর নানা দুর্ঘটনায় পঙ্গু হওয়া ১ লাখ ৩৮ হাজার ৬৮৯ জনের মধ্যে প্রায় ২৭ দশমিক ৪ শতাংশের জন্য দায়ী সড়ক দুর্ঘটনা। এতে বছরে ৩৮ হাজার ২৮ জন মানুষ চিরতরে পঙ্গুত্ববরণ করছেন বা শারীরিক কার্যক্ষমতা হারাচ্ছেন। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো ২৪ হাজার ২৩৩ জনের মধ্যে ৮৪ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ১৫ দশমিক ৪ শতাংশ নারী। গ্রামাঞ্চলের (প্রতি লাখে ১৩.৮১) তুলনায় শহরাঞ্চলে (প্রতি লাখে ১৬.৫৬) সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার বেশি।
সড়ক দুর্ঘটনার কারণে শত শত পরিবার এক লহমায় তছনছ হয়ে যাচ্ছে। চট্টগ্রামের বোয়ালখালীর ২৮ বছর বয়সী ওমানপ্রবাসী জাহিদুল আলম ২০২৪ সালের আগস্টে ছুটিতে দেশে এসে ৪ সেপ্টেম্বর মোটরসাইকেল দুর্ঘটনায় পড়েন। এতে তাঁর হাত-পা ভেঙে যায়, মুখের চোয়াল ক্ষতিগ্রস্ত হয় এবং মাথায় তীব্র আঘাত পান। চট্টগ্রাম মেডিকেল কলেজ ও এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বর্তমানে ভারতের বেঙ্গালুরুতে চিকিৎসা নিচ্ছেন তিনি। পায়ে আটবার অস্ত্রোপচার করাতে গিয়ে সঞ্চিত সব অর্থ শেষ হওয়ার পাশাপাশি ৬৫ লাখ টাকা খরচ ও দেনাগ্রস্ত হয়ে পড়েছেন তিনি। তাঁর মতে, চিকিৎসা করালেও স্বাভাবিক জীবনে ফিরে বিদেশে আর যাওয়া সম্ভব হবে না।
একইভাবে ২০২১ সালে ঢাকা-মাওয়া মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় বাঁ পা হারিয়ে পঙ্গুত্ববরণ করেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের মো. সজীব। ঢাকার পঙ্গু হাসপাতালে ৩৩ দিন চিকিৎসা ও অস্ত্রোপচারের পর প্রায় তিন বছর কোনো কাজ করতে পারেননি তিনি। কারখানার চাকরি হারিয়ে এখন চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করছেন তিনি। ২০২১ সালে রাজশাহীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৭ জন স্বজনের সবাইকে হারিয়ে একমাত্র বেঁচে থাকা পাভেল মিয়ার জীবনও থমকে গেছে। দুর্ঘটনায় দাঁত ও হাতের বুড়ো আঙুল হারিয়ে তিন মাস আইসিইউতে থাকা পাভেল শারীরিক ও মানসিক বৈকল্যের কারণে আর পড়াশোনা চালিয়ে যেতে পারেননি।
সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চের উপনির্বাহী পরিচালক সেলিম মাহমুদ চৌধুরী জানান, দুর্ঘটনায় পঙ্গু ও নিহতদের সিংহভাগই তরুণ, যুবসমাজ এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। ফলে দুর্ঘটনা পুরো পরিবারকে যেমন অর্থনৈতিক সংকটে ফেলছে, তেমনি রাষ্ট্রকেও ক্ষতির মুখে ফেলছে। এই বিপর্যয় এড়াতে কঠোর আইন প্রণয়ন, প্রয়োগ ও সামাজিক সচেতনতা বাড়ানোর তাগিদ দেন তিনি। বিভিন্ন গবেষণা অনুযায়ী, অতিরিক্ত ও বেপরোয়া গতি, বিপজ্জনক ওভারটেকিং, চালকের ক্লান্তি ও অদক্ষতা, মোবাইল ফোন ব্যবহার, ফিটনেসবিহীন গাড়ি, মহাসড়কে ধীরগতির যান চলাচল এবং ট্রাফিক আইনের শিথিল প্রয়োগের কারণে দুর্ঘটনা ঘটছে। পাশাপাশি সড়কের নকশাগত ত্রুটি, বিভাজক ও সিগন্যালের অভাব এবং দ্রুত চিকিৎসার ঘাটতি প্রাণহানি বাড়িয়ে দিচ্ছে।
আজ ২২ অক্টোবর দেশে পালিত হতে যাচ্ছে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস। এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ।’ দুর্গাপূজার ছুটির কারণে মূল আনুষ্ঠানিকতা ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, জাতিসংঘ ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ও আহত অর্ধেকে নামিয়ে আনতে ২০২১-২০৩০ সময়কালকে ‘নিরাপদ সড়ক দশক’ ঘোষণা করেছে। গত জুলাইয়ে নিউ ইয়র্কে জাতিসংঘের বৈঠকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক গতিসীমা নিয়ন্ত্রণ, জরুরি চিকিৎসাসেবা ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিতসহ ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের অঙ্গীকার তুলে ধরেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, ফিটনেসবিহীন যানবাহন বন্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং ২০৩০ সালের মধ্যে দুর্ঘটনা ও প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে। পরিবহন খাতের দীর্ঘদিনের বিশৃঙ্খলা রাতারাতি দূর করা কঠিন হলেও বিশ্বব্যাংকের অর্থায়নে সওজের অধীনে ৪ হাজার ৯৮৮ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন সড়ক নিরাপত্তা প্রকল্প পরিস্থিতি উন্নত করবে বলে তিনি আশা প্রকাশ করেন। তবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ও যোগাযোগবিশেষজ্ঞ সামছুল হক মনে করেন, শুধু প্রতিশ্রুতি দিয়ে কাজ হবে না। বিজ্ঞানভিত্তিক ও সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া দুর্ঘটনা কমানো সম্ভব নয়। তাঁর মতে, বিআরটিএ ও সওজের রোড সেফটি সেলের কাজ শুধু লিফলেট বিতরণ ও দিবস পালনে সীমাবদ্ধ থাকলে চলবে না, চালকের লাইসেন্স, ফিটনেস ও রুট পারমিটের সুষ্ঠু তদারকি নিশ্চিত করতে হবে।
২০২০ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ এ উদ্যোগ গ্রহণ করে।
বাস্তবায়নকাল ২০২৮ সালের জুন পর্যন্ত।যোগাযোগ করা হলে বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ও যোগাযোগ বিশেষজ্ঞ সামছুল হক প্রথম আলোকে বলেন, সরকার এখন পর্যন্ত সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার সুনির্দিষ্ট পরিকল্পনা নেয়নি।
