জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষমূলক পোস্ট দেওয়ার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৫৬৮তম সিন্ডিকেট সভায় তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়। গত রোববার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হাসান মিয়া।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ৩ জুলাই ড. আবদুল ওয়াহেদ চৌধুরী তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একটি কটাক্ষমূলক পোস্ট দেন। পরবর্তীতে ১১ জুলাই সেই পোস্টের একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে চাকসু নেতৃবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন মহলে তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।
এরই পরিপ্রেক্ষিতে গত ১২ জুলাই বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যকে (অ্যাকাডেমিক) আহ্বায়ক করে তিন সদস্যের একটি উচ্চতর তদন্ত কমিটি গঠন করে প্রশাসন। এই কমিটি অভিযোগের প্রাথমিক সত্যতা খুঁজে পাওয়ার পর অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। সেই সুপারিশের ভিত্তিতেই সিন্ডিকেট সভায় তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হাছান মিয়া জানান, বিষয়টি আরও গভীরভাবে তদন্তের জন্য নতুন আরেকটি কমিটি গঠন করা হয়েছে।
অভিযুক্ত ড. আবদুল ওয়াহেদ চৌধুরী চবি ক্যাম্পাসে আওয়ামীপন্থী শিক্ষক হিসেবে পরিচিত। তিনি ২০১২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০১৪ সালে সহকারী অধ্যাপক এবং ২০২১ সালে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পান। এছাড়া ২০২১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত তিনি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের দায়িত্বও পালন করেছেন।
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০০: ১৬আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০০: ১৭

