কুমিল্লায় শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য আটক এক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের একটি নির্জন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, ছেলেটির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

অপ্রতীম কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। পরিবারের ভাষ্যমতে, শুক্রবার দুপুরে বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হওয়ার পর সে আর ফেরেনি। নিখোঁজ হওয়ার পর থেকেই তাকে উদ্ধারের জন্য বিভিন্নভাবে চেষ্টা চালানো হচ্ছিল এবং কোটবাড়ী ও বিশ্ববিদ্যালয়-সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছিল।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম এম শরীফুল করীম জানান, নিখোঁজের বিষয়টি জানার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম, ডিনসহ শিক্ষক-কর্মকর্তারা পরিবারের সঙ্গে যোগাযোগ করেন এবং পুলিশকে অবহিত করেন। আজ সকালে প্রক্টরিয়াল টিম সিসিটিভি ফুটেজ পর্যালোচনার সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে অপ্রতীমকে এক কিশোরের সঙ্গে ঘোরাঘুরি করতে দেখে। উপাচার্য বলেন, ওই কিশোরের বয়স অপ্রতীমের চেয়ে বেশি ছিল এবং তার মাথায় ক্যাপ ছিল। তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়।

মরদেহ উদ্ধারের পর কোটবাড়ী এলাকা থেকে এক কিশোরকে আটক করেছে পুলিশ। কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্তের স্বার্থে সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। তার কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের বরাতে জানা যায়, অপ্রতীমের সঙ্গে থাকা আইফোনটি এখনো পাওয়া যায়নি। তবে সেটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে কি না, তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

তার কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।.‘এইরকম ১০টা ফোন মুক্তিপণ হিসেবে চাইতি—আমরা দিতাম’.‘কাকা, একটা বাচ্চা পড়ে আছে’—যেভাবে জঙ্গলে পাওয়া গেল অপ্রতীমের লাশ.বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম বিশ্ববিদ্যালয়ের সামনের সিসিটিভি ফুটেজ দেখে স্থানীয় এক ছেলেকে অপ্রতীমের সঙ্গে ঘোরাঘুরি করতে দেখে।